ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশকে 'অকার্যকর' করে বিদেশি হস্তক্ষেপ বাড়ানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
স্বৈরাচার পতন দিবসে রোববার ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, "সরকার উদ্দেশ্যমূলকভাবে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে বিদেশি হস্তক্ষেপ বাড়ানোর ষড়যন্ত্র করছে। দলীয়করণের মাধ্যমে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনকে স্থবির হয়ে ফেলা হয়েছে।"
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
১৯৯০ সালে ৬ ডিসেম্বর সামরিক শাসক এইচ এম এরশাদ গণআন্দোলনের মুখে পদত্যাগ করে প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের হাতে ক্ষমতা ছেড়ে দেন।
১৯৮২ সালে এরশাদ ক্ষমতা দখলের সময় আওয়ামী লীগের মৌন সমর্থন পেয়েছিলো দাবি করে দেলোয়ার বলেন, "এবার জরুরি অবস্থা জারির পরও তিনি (শেখ হাসিনা) জরুরি সরকারকে তাদের আন্দোলনের ফসল বলেছিলেন।"
এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, "এ জন্যই জনগণ তাকে আপসহীন নেত্রী বলে। জনগণের স্বার্থ সংরক্ষনে খালেদা জিয়া আবারও জনগণের আন্দোলনে নেতৃত্ব দেবেন।"
বর্তমান মহাজোটের সরকারকে 'নব্য স্বৈরাচার' আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, " সরকার জনগণের কল্যাণে কোনো কিছুই করছে না। আমরা উদ্বিগ্ন সংসদকে এভাবে অকার্যকর করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।"
জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ওই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, জয়নুল আবদিন ফারুক প্রমুখ।
'৯০ এর ছাত্রনেতাদের অনেকে আলোচনায় অংশ নেন। এর মধ্যে ছিলেন ডাকসুর তৎকালীন ভিপি ও ছাত্রদলের সাবেক সভাপতি আমানউল্লাহ আমান, জিএস খায়রুল কবীর খোকন, ছাত্রলীগের তৎকালীন সভাপতি হাবিবুর রহমান হাবিব, ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৩৪ ঘ.
bdnews24