২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর জামিন

আক্রমণাত্মক এবং রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেওয়ার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির দুদিন পর রোববার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 09:32 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আক্রমণাত্মক এবং রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেওয়ার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির দুদিন পর রোববার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী। ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক একদিন আগেই সাংবাদিকদের বলেছিলেন, সাকা চৌধুরীকে পুলিশ খুঁজছে। সাকা চৌধুরী রোববার হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও বিচারপতি রইস উদ্দিনের বেঞ্চ দুই মাসের আগাম জামিন দেন। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানাতে সরকারের প্রতি আদেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়েরের পরপরই বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সাকা চৌধুরীর আইনজীবী শাহ মনজুরুল হক শুনানিতে বলেন, "মিথ্যা অভিযোগ মামলা হয়েছে। তাছাড়া রাষ্ট্রদ্রোহের মামলা কোনো ব্যক্তি করতে পারে না।" জামিন আবেদনের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিষয়টি স্পর্শকাতর। তাই তিনি জামিন পেতে পারেন না।" গত ২০ নভেম্বর ফটিকছড়ি বিএনপি'র সম্মেলনে সাকা চৌধুরীর দেওয়া বক্তব্য নিয়ে চট্টগ্রামের শুলকবহর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবু তাহের উদ্দিন ফৌজদারি কার্যবিধির ১২৪ (ক) এবং ৫০৫ ধারায় এ মামলা দায়ের করেন। সাকা চৌধুরীকে উদ্ধৃত করে ২১ নভেম্বর বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, "১৫ আগস্ট জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ এদিন জাতি একদলীয় শাসন থেকে মুক্তি পেয়েছে। ১৫ আগস্ট না হলে জাতি ভোটের অধিকার ফিরে পেতো না।' বঙ্গবন্ধু মামলার রায় নিয়ে সাকা চৌধুরীকে উদ্ধৃত করে প্রকাশিত খবরে বলা হয়, এ রায় জাতি গ্রহণ করেনি। বঙ্গবন্ধুকে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগে এর আগে অন্তত পাঁচটি জেলায় সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। এর আগে কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২০ ঘ.