ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার নিরাপত্তা দিতে বিএনপির দাবির প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, চাইলে তাকে বিশেষ নিরাপত্তাও দেওয়া হবে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী একইসঙ্গে বলেছেন, বিরোধীদলীয় নেতাকে আগের চেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।
রোববার ইস্কাটনের বিয়ামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
আগামী ৮ ডিসেম্বর প্রধান বিরোধী দল বিএনপির জাতীয় কাউন্সিল হবে। কাউন্সিলের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার সাংবাদিকদের বলেন, "আমরা আমাদের নেত্রী খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে সরকারকে বলেছি। কাউন্সিল উপলক্ষে তার বিশেষ নিরাপত্তার প্রয়োজন রয়েছে। কাউন্সিলে পরও তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার দরকার।"
বিএনপির কাউন্সিলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এই কাউন্সিল ঘিরে যেটুকু নিরাপত্তা দেওয়ার দিচ্ছি। নিরাপত্তার বিষয়ে কোনো গাফিলতি নেই। প্রয়োজনে আরও নিরাপত্তার ব্যবস্থা নেব।"
পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত এ মাসেই শেষ হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জবাবে জানান, "বিডিআর হত্যাকাণ্ড মামলার তদন্ত কার্যক্রম চলতি মাসেই শেষ হবে। এর পরপরই বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আমি আশাবাদী।''
বিয়ামে পাঁচ দিনের ওই প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে দেশের বিভিন্ন জেলার ৪০ জন ম্যাজিস্ট্রেট অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এমআই/১২৪২ ঘ.
bdnews24