চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চন্দনাইশে 'মুক্তিযুদ্ধের বিজয় মেলা'র কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে চন্দনাইশের বাগিচা হাট এলাকার হাশিমপুর খান দীঘি স্কুলে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কায়ছার উদ্দিন, ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ, বাপ্পী ও শাহেদ উদ্দিন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চন্দনাইশের স্থানীয় এক সাংবাদিক জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামানের সমর্থকরা বিজয় মেলা করার ঘোষণা দেয়। দলের সভাপতি হাবিবুর রহমানের সমর্থকরা পাল্টা বিজয় মেলা করার জন্য হাসিমপুর খাঁন দীঘি স্কুলে প্রস্তুতি সভা আহ্বান করে। সভার এক পর্যায়ে কিছু যুবক মিছিল নিয়ে সভাস্থলে ঢুকে চেয়ার ভাঙচুর শুরু করে। এসময় উভয়পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে।
তিনি আরও জানান, এতে উভয়পক্ষের ২০ জন নেতাকর্মী আহত হন। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চন্দনাইশ থানার ওসি নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সাত থেকে আটজন সামান্য আহত হয়ে থাকতে পারে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24