ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৮ ডিসেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে দল আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নবনির্বাচিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার রাতে গুলশানের কার্যালয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল সিনিয়র নেতা ও কর্মী ফুল নিয়ে খালেদা জিয়াকে অভিনন্দন জানাতে এলে তিনি তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "সম্মেলনের মাধ্যমে দল, দলের নেতাকর্মীরা আরো ঐক্যবদ্ধ হবে।"
তৃতীয় দফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রধান নির্বাচিত হওয়ায় সকলের দোয়া চান তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক মহানগর সাধারণ সম্পাদক আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতা, বেশ কয়েকজন সাংসদ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন নির্বাচন -২০০৯ এর নির্বাচন কমিশনের চেয়ারম্যান টি এইচ খান নির্বাচনে একজন প্রার্থী থাকায় খালেদা জিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
এরপরপরই সেখানে দলীয় অসংখ্য নেতাকর্মীরা আনন্দ মিছিল করে।
সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে সহাস্রাধিক নেতাকর্মী ফুল নিয়ে খালেদা জিয়াকে অভিনন্দন জানাতে সমবেত হয়। রাতে খালেদা জিয়া কার্যালয়ে এসে পৌঁছালে তুমুল করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। তিনি হাত নেড়ে কর্মীদের অভিনন্দনের জবাব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২২১৯ ঘ.
bdnews24