ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া।
শুক্রবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান টি এইচ খান।
তিনি বলেন, ''চেয়ারপারসন পদে খালেদা জিয়ার একটিমাত্র বৈধ মনোনয়নপত্র পাওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ঘোষণা করা হলো।'' (আরো তথ্যসহ)
স্বামী সাবেক রাষ্টপ্রতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনীতিতে নামা খালেদা জিয়া এ নিয়ে তৃতীয় দফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের শীর্ষপদে নির্বাচিত হলেন।
ফল ঘোষণার পর দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, '' দল ও দেশের জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্ব অত্যন্ত প্রয়োজনীয় বিধায় আর কেউ প্রার্র্থী হননি। তার গতিশীল নেতৃত্বে বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সামনের দিকে এগিয়ে যাবে।''
'সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য' তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
দু'দফা প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া এর আগে ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর সর্বশেষ জাতীয় কাউন্সিলে দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
১৯৮৪ সালের ১০ এপ্রিল দলের চেয়ারম্যান আবদুস সাত্তারকে সরিয়ে দলের দায়িত্বভার গ্রহণ করেন ভাইস চেয়ারম্যান খালেদা।
বিকাল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার সময় রির্টানিং অফিসার আর এ গনি, সহকারি রির্টানিং অফিসার আবদুল মান্নান, নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, গঠনতন্ত্র সংশোধন উপকমিটির সদস্য মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে রির্টানিং অফিসার আর এ গনি প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর চেয়ারপারসন নির্বাচনের ফল নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেন।
ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীরা আনন্দে মেতে ওঠেন। সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নয়া পল্টনে রঙিন বেলুন ওড়ায় ও ব্যান্ডপার্টির বাদ্য এবং আনন্দ মিছিলের আয়োজন করে।
ফল ঘোষণার সময়ে খন্দকার দেলোয়ার হোসেন ছাড়াও সহসভাপতি সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলের একটি কপি খালেদা জিয়ার প্রধান নির্বাচনী এজেন্ট রিজভী আহমেদের হাতে তুলে দেয়।
গত ১ ডিসেম্বর বিচারপতি টি এইচ খানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন চেয়ারপারসন নির্বাচন-২০০৯ এর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী শুধু খালেদা জিয়ার পক্ষে একটি মনোনয়নপত্র জমা পড়ে। বৃহস্পতিবার ওই মনোনয়নপত্রটি রির্টানিং অফিসার বাছাইয়ের পর পরীক্ষা করে বৈধ ঘোষণা করে।
সামরিক আইন প্রশাসক থেকে রাষ্ট্রপতি হওয়া মেজর জেনারেল জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় ১৯৭৮ সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল এবং পরে সেই বছরের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়। এক অভ্যুত্থানে তার মৃত্যুর পর সেনাবাহিনী প্রধান এইচ এম এরশাদ বিএনপি সরকারের রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে সরিয়ে ক্ষমতা দখল করার পর দলের হাল ধরেন খালেদা জিয়া।
১৯৮৩ সালে দলের ভাইস চেয়ারম্যান এবং পরের বছরের ১০ এপ্রিল চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেন খালেদা। এরপর থেকে একটানা দুই দশকের বেশি সময় তিনি দলের শীর্ষ পদে অধিষ্ঠিত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯২৩ঘ.
bdnews24