২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা সম্মেলনের সময় ৫ দিন বাড়িয়েছে বিএনপি

জাতীয় কাউন্সিলের আগে ৩০ নভেম্বরের মধ্যে জেলা সম্মেলন শেষ করার নতুন তারিখ নির্ধারণ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 08:09 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কাউন্সিলের আগে ৩০ নভেম্বরের মধ্যে জেলা সম্মেলন শেষ করার নতুন তারিখ নির্ধারণ করেছে বিএনপি। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বুধবারের মধ্যে জেলা সম্মেলন শেষ করার কথা ছিলো। তবে অভ্যন্তরীণ কোন্দলের কারণে বেশ কয়েকটি জেলায় সম্মেলন পণ্ড হয়। আগামী ৮ ডিসেম্বর বিএনপির জাতীয় কাউন্সিল হবে। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বুধবার দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "আজ (২৫ নভেম্বর ) জেলা সম্মেলন শেষ করার সর্বশেষ দিন ছিল। সরকারি দল ও প্রশাসনের অব্যাহত প্রতিবন্ধকতার কারণে অনেক স্থানে এখনো সম্মেলন হতে পারেনি। সেজন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।" ২৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে ৬০ ভাগ জেলার সম্মেলন শেষ হচ্ছে জানিয়ে রিজভী আশা প্রকাশ করেন, সময় বাড়ানোর ফলে ৭৮টি জেলা কমিটির সম্মেলন শেষ করা সম্ভব হবে। প্রশাসন ও আওয়ামী লীগকে অভিযুক্ত করে বিএনপির দপ্তর সম্পাদক বলেন, "তারা (আওয়ামী লীগ) চায় না বিএনপির সম্মেলন সফল হোক। যেখানে সম্মেলন হচ্ছে সেখানেই তারা হামলা অথবা প্রশাসন দিয়ে ১৪৪ ধারা জারি করছে। সাতক্ষীরা ও লালমনিরহাটে সম্মেলন করতে দেওয়া হয়নি।" জাতীয় সম্মেলন পণ্ডেরও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। তবে অভ্যন্তরীণ কোন্দলে চট্টগ্রামসহ কয়েকটি স্থানে সম্মেলন পণ্ডের খবর নাকচ করেছেন রিজভী। তিনি বলেন, "বিএনপিতে কোনো গ্র"পিং নেই। নেতৃত্বের জন্য প্রতিযোগিতা আছে। এ বিষয়ে প্রচারিত সংবাদ সঠিক নয়।" ৮ ডিসেম্বর জাতীয় কাউন্সিলের সব প্রস্তুতি চলছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। সংবাদ ব্রিফিঙে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, সাবেক ছাত্র নেতা মোরতাজুল করিম বাদরু, নুরুর রহমান জাহাঙ্গীর,সাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, আবদুল লতিফ জনি, শামসুজ্জামান মেহেদি ও মাহবুবুল হাসান পিংকু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০০ ঘ.