২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী বিএনপির একাংশের সমাবেশ-অবরোধ

জেলা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে নরসিংদী বিএনপির একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

নরসিংদী, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে নরসিংদী বিএনপির একাংশ। পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা শহর ও সদর উপজেলা কমিটি ঘোষণা করেন। রোববার সকালে জেলা বিএনপি'র সাবেক সভাপতি মেজবাহউদ্দিন ইরানসহ বেশ কিছু নেতা-কর্মী শহরের ব্রাহ্মণদি এলাকা থেকে মিছিল নিয়ে ভেলানগর জেলখানা মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। সকাল ১১টা থেকে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর পুলিশের হস্তক্ষেপে বিএনপি'র 'বিক্ষুব্ধ' অংশটির নেতাকর্মীরা শহরে ফিরে আসে এবং ডিসি রোডে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে বিএনপির এ অংশটি সাবেক সাংসদ ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনের বিরুদ্ধে দলের মধ্যে কোন্দল সৃষ্টি এবং পছন্দের লোক নিয়ে কমিটি গঠনের অভিযোগ আনে। পরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে 'বিক্ষুব্ধ' নেতারা অভিযান করেন, 'ত্যাগী' নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ও সন্ত্রাসীদের নিয়ে দলের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন খোকন। তিনি নিজের পছন্দের লোক নিয়ে ঢাকায় বসে 'পকেট' কমিটি করেছেন। নরসিংদী প্লেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শহর ও সদর উপজেলা কমিটি ঘোষণা করেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সেলিম। এ ব্যাপারে সেলিম সাংবাদিকদের বলেন, "জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হিসেবে আমি কমিটি অনুমোদন দিয়ে আগামীকাল কেন্দ্রে পাঠাবো।" আগামী ০৮ ডিসেম্বরের আগে জেলা কমিটি ঘোষণা করা হবে বলেও তিনি জানান। সেলিম আরো বলেন, আগামী সাতদিনের মধ্যে খায়রুল কবির খোকনকে আহ্বায়কের পদ থেকে অপসারণ করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মেজবাহ উদ্দিন ইরান, সাবেক সাংসদ লাকী আহমেদ, মন্জুর এলাহী, বাবুল সরকার প্রমুখ। অভিযোগের ব্যাপারে খায়রুল কবির খোকনের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৮ ঘ.