সুনামগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপি'র কমিটি বে-আইনি ঘোষণা এবং জেলা সম্মেলনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা হয়েছে।
সুনামগঞ্জের সহকারী জজ আব্দুল হালিমের আদালতে রোববার মামলাটি করেন উপজেলা কৃষক দলের সভাপতি নূরুল হক আফিন্দিসহ ছয়জন স্থানীয় নেতা।
মামলায় বিবাদী করা হয়েছে দলের কেন্দ্রীয় মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, জেলা বিএনপি আহ্বায়ক ফজলুল হক আসপিয়া, যুগ্ম আহ্বায়ক রফিক চৌধুরী, জামালগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু সালেহ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীকে।
আদালত মামলাটি আমলে নিয়ে জামালগঞ্জ উপজেলা কমিটি কেন বে-আইনি ঘোষণা এবং সুনামগঞ্জ জেলা সম্মেলন কেন স্থগিত করা হবে না এক সপ্তাহের মধ্যে বিবাদীগণকে তার কারণ জানাতে বলেছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৯ অক্টোবর স্থানীয় সব নেতা-কর্মীর আপত্তি সত্ত্বেও উপজেলা সদরের বাইরে গোপনে অগঠনতান্ত্রিকভাবে উপজেলা বিএনপি'র কমিটি করেন জেলা আহ্বায়কসহ কয়েকজন নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৮ ঘ.
bdnews24