২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অতি উৎসাহ নিয়ে মিছিল-সমাবেশ নয়'

বঙ্গবন্ধু মামলার রায়ের পর 'অতি উৎসাহী' হয়ে মিছিল-সমাবেশ না করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার রায়ের পর 'অতি উৎসাহী' হয়ে মিছিল-সমাবেশ না করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আর এ বিষয়ে দৃষ্টি রাখতে বলা হয়েছে ঢাকা মহানগরীর সব সাংসদদের। আগামী বৃহস্পতিবার বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত রায়ের দিন নির্ধারিত রয়েছে। তার দুই দিন আগে মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসেন সাংসদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের পর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "প্রত্যাশিত ও ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছি আমরা। আশা করি, তা পাব। "ওই দিন স্ব স্ব এলাকায় সন্ত্রাসী-নাশকতা রোধে নেতাকর্মীদের সচেতন রাখার বিষয়ে জোর দিয়েছি। তারা ওই দিন কোনো ধরনের মিছিল-মিটিং করবে না।" সাংসদদের দায়িত্বের বিষয়ে কামরুল বলেন, "তাদের বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে স্ব স্ব এলাকায় অবস্থান করবেন এবং দেখেন, অতিউৎসাহী হয়ে কেউ যেনো কিছু না করে।" ঢাকার সাংসদ কামরুল ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ছাড়াও ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। কোনো ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে কিনা- জানতে চাওয়া হলে আইন প্রতিমন্ত্রী বলেন, "কোনো ধরনের উচ্ছৃঙ্খল কিছু ঘটবে তা আমরা মনে করি না। তবে সরকার ও আইন শৃঙ্খলাবাহিনী সব সময় সচেষ্ট থাকবে।" স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আইন শৃঙ্খলাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। মানুষের জানমাল বিধানের জন্য আমরা সর্বোচ্চ শক্তি নিয়োগ করবো।" সাংসদরা রায়ের পর তা কার্যকর হওয়ার দিন পর্যন্ত নিরাপত্তা জোরদার রাখার পরামর্শ দেন। বৈঠকে সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন- রাশেদ খান মেনন, রহমত উল্লাহ, কামাল আহমেদ মজুমদার, আসলামুল হক, আসাদুজ্জামান খান কামাল, ইলিয়াস মোল্লা, সানজিদা খানম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮৪৪ ঘ.