বগুড়া, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার যখন বলবে তখনই স্থানীয় সরকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
তিনি বলেন, "মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী বছরের সেপ্টেম্বর থেকে শুরু করার কথা ভাবছে নির্বাচন কমিশন। এর আগে মার্চে ঢাকা সিটি করপোরেশন ও মে মাসে পৌরসভা নির্বাচন করার পরিকল্পনা আছে। তবে এসব নির্বাচনের তারিখ নির্ভর করছে সরকারের উপর।"
বৃহস্পতিবার বগুড়া শহরের চারমাথা এলাকায় নির্বাচন কমিশনের কম্পিউটার সার্ভার স্টেশনের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে সিইসি সাংবাদিকদের এই কথা বলেন।
তিনি বলেন, "স্থানীয় সরকার নির্বাচন সরকারের নির্দেশেই হয়ে থাকে। আমরা শুধু সময়সূচি (তফসিল) ঘোষণা করবো। আমরা চাইবো আগামী বছরের মধ্যেই স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করতে।"
বুধবার সিইসি ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের জানান, মার্চে ঢাকা সিটি করপোরেশন এবং মে মাসে একদিনেই মেয়াদোত্তীর্ণ তিন শতাধিক পৌরসভা ও সেপ্টেম্বরের শেষে ছয় বিভাগে ছয়দিনে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন করা হবে।
সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। আর সাতটি পৌরসভায় নির্বাচন হয়েছে গত বছরের ৪ আগস্ট।
সার্ভার স্টেশনের প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন- সার্ভার স্টেশন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বগুড়া জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান, পুলিশ সুপারিনটেনডেন্ট হুমায়ুন কবির, রাজশাহী বিভাগের উপ-নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু মুসা, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ।
পরে সিইসি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সার্ভার স্টেশনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.
bdnews24