ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধান বিরোধী দল বিএনপি ৭ নভেম্বর উপলক্ষে দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
দলটি এ দিনটিকে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে পালন করে থাকে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ৬ নভেম্বর বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও ৭ নভেম্বর সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ।
এ ছাড়া সভায় জেলা-উপজেলা পর্যায়ে একই কর্মসূচি পালন ও দিবসটিতে পোস্টার ও পুস্তিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপন কমিটির আহবায়ক ও দলের যুগ্ম মহাসচিব মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের যুগ্ম -মহাসচিব সেলিমা রহমান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাংসদ বরকত উল্লাহ বুলু, কৃষক দলের শামসুজ্জামান দুদু, শ্রমিক দলের জাফরুল হাসান, যুব দলের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের হাবিবউন নবী খান সোহেল, জাসাসের এম এ মালেক, ছাত্র দলের সুলতান সালাউদ্দিন টুকু, তাঁতী দলের হুমায়ুন ইসলাম খান, উলামা দলের হাফেজ আবদুল মালেক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএইচ/১৬৫৯ ঘ.
bdnews24