২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি মামলায় চূড়ান্ত প্রতিবেদন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক এতে দুর্নীতির ওই অভিযোগ প্রমাণে ব্যর্থতার কথা উল্লেখ করেছে। (আরো তথ্যসহ) 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ নির্মাণ' প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলাটি দায়ের করা হয়। রোববার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন দুর্নীতির বিরুদ্ধে নজরদারী সংস্থাটির উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান। মহানগর হাকিম এসকেএম তোফায়েল হাসান চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেন। তবে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে মামলাটি ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে পরবর্তী আদেশের জন্য পাঠানো হবে। এ মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংস্কৃতি বিষয়ক যুগ্ম সচিব মো. আসাদউজ্জামান ও পরামর্শক প্রতিষ্ঠান 'মেসার্স ভিত্তি স্থপতিবৃন্দ লি.' এর স্থপতি ইকবাল হাবিব ইকবালকেও অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। দুদকের করা মামলার এজাহারে বলা হয়েছিল, গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পটি একনেকে পাস হওয়ার আগেই এর নকশা, মডেল প্রাক্কলন এবং সুপারভিশনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান মেসার্স ভিত্তি স্থপতিবৃন্দ লিঃ কে প্রাথমিকভাবে এককভাবে পরামর্শক হিসেবে মৌখিক নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়, পরবর্তী সময়ে ওই প্রতিষ্ঠানকেই অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ দেওয়া হয়। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিতসহ দুটি সভার পর ১৯৯৮ সালের ২৫ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদিত হয়। এজাহারে বলা হয়,পরামর্শক প্রতিষ্ঠানের ফি "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট" এর তহবিল থেকে পরিশোধের সিদ্ধান্ত থাকলেও বিধিবিধান উপেক্ষা করে তা প্রকল্প খাতে বরাদ্দকৃত অর্থ থেকে পরিশোধের ব্যবস্থা করা হয়। তদন্ত কর্মকর্তা তার চূড়ান্ত প্রতিবেদনে বলেন, বিশেষ বিবেচনায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান কিছুটা শিথিল করা হলেও এর মাধ্যমে কোন ব্যক্তিবিশেষ অবৈধভাবে লাভবান হয়েছেন বা এর পেছনে কোন অসৎ উদ্দেশ্য বা অপরাধমূলক মানসিকতা কাজ করেছে বলে তদন্ত কালে প্রতীয়মান না হওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ চারজনকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হল। দুদকের প্রসিকিউটিং বিভাগের কর্মকর্তা আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চূড়ান্ত প্রতিবেদনটি দুই এক দিনের মধ্যেই পরবর্তী আদেশের জন্য ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/ ২২০৯ঘ.