ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের ডিসেম্বরে দলীয় কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধনের জন্য প্রস্তাব আহ্বান করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কাউন্সিলের যে কোন সদস্য গঠনতন্ত্রের ১২ ধারা অনুযায়ী সংশোধনের জন্য মহাসচিব বরাবর লিখিত প্রস্তাব জমা দিতে পারবেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে গঠনতন্ত্র সংশোধী প্রস্তাব লিখিতভাবে দলীয় কার্যালয়ে পাঠানোর জন্য মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আহবান জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও- দ্বিতীয় সংশোধনী) বিল, ২০০৯ অনুযায়ী ২০১০ সালের ২৫ জানুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের কাছে চূড়ান্ত গঠনতন্ত্র জমা দিতে হবে। তা না হলে দলের নিবন্ধন বাতিল হবে।
২০০৮ সালের নভেম্বরে মোট ৩৯টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে খসড়া সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়ে শর্ত সাপেক্ষে নিবন্ধিত হয়।
ইসি নির্ধারিত প্রথম দফা সময়সীমায় সরকারি দল আওয়ামী লীগসহ ৩৩ টি দল কমিশনের কাছে শর্ত পূরণ করে নিবন্ধন চূড়ান্ত করে। বিএনপিসহ ছয়টি দল এখনও স্থায়ী গঠনতন্ত্র জমা দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এএনএস/এসএইচ/২৩০৯ ঘ.
bdnews24