২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বাতিল আবেদনের শুনানি আবার শুরু

জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিমখানা) দুর্নীতি মামলা বাতিলের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের আবেদনের ওপর হাইকোর্টে আবার শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার আবার শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. রইসউদ্দিনের বেঞ্চ এ আবেদনের ওপর শুনানি গ্রহণ শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিমখানা) দুর্নীতি মামলা বাতিলের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের আবেদনের ওপর হাইকোর্টে আবার শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার আবার শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. রইসউদ্দিনের বেঞ্চ এ আবেদনের ওপর শুনানি গ্রহণ শুরু করে। খালেদা ও তারেকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল-হক। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ২৪ সেপ্টেম্বর বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. রেজাউল হাসানের অবকাশকালীন বেঞ্চ খালেদা ও তারেকের আবেদন ফেরত দিয়েছিল। গত ১৫ সেপ্টেম্বর এ মামলাটি বাতিলের জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে হাইকোর্টে দু'টি পৃথক আবেদন দায়ের করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গত বছর ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬শ ৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া এবং তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে রমনা থানায় এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হারুন অর রশিদ। এছাড়া মামলায় মোমিনুর রহমান, কাজী সালিমুল হক, সারফুদ্দিন আহমেদ, সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদকে আসামী করা হয়। এ মামলায় দুদকের উপপরিচালক হারুন অর রশিদ গত ৫ আগস্ট খালেদা জিয়া, তারেক রহমান, মোমিনুর রহমান, কাজী সলিমুল হক, সরফুদ্দিন আহমেদ ও ড. কামাল উদ্দিনসিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগ পত্রে সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। গত ৭ সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওই আদালত আগামী ২৫ অক্টোবর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে দেয়। এছাড়া ড. কামালউদ্দিন সিদ্দিকী ও মোমিনুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে ওই আদালত। গতবছর ২৬ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এ মামলায় অন্তবর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। গত ২ আগস্ট এ মামলায় তার জামিন বহাল রাখে সুপ্রিম কোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২২১৮ ঘ.