ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলায় পাবনায় এক যুবলীগ নেতা আহত হয়েছেন। আর সাভারে গুলিবিদ্ধ হয়েছেন একজন।
মঙ্গলবার রাতে পাবনায় আহত একরামুল হক চাঁদ (৩৫) সদর উপজেলা যুবলীগের সভাপতি এবং সাভারে গুলিবিদ্ধ মিলন (২৫) পেশায় রং মিস্ত্রি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি জানান, রাত ১০টার দিকে জেলা শহরের বাংলাবাজার এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন একরাম। দলীয় কোন্দলের জের ধরে এ হামলা হয়েছে বলে পুলিশের ধারণা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে বাড়ি ফেরার সময় বাংলাবাজার এলাকায় ১০-১২ জন সন্ত্রাসী চাঁদকে ধারালো অস্ত্র ও রড দিয়ে আঘাত করে।
তিনি বলেন, "একরামকে প্রথমে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।"
এ বিষয়ে একটি মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, "দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।"
সাভার প্রতিনিধি জানান, পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীদের গুলিতে আহত হন মিলন।
মিলনের সহকর্মী আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে তারা দুজন ডগরমোড়া এলাকায় বাড়ির সামনে পৌঁছলে কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে।
তিনি বলেন, "ওই সময় মিলন দৌড়ে পাশের বাড়ির দেয়াল টপকে ভিতরে ঢুকলে সন্ত্রাসীরাও ধাওয়া করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে মিলনের বুকে, পেটে ও পিঠে গুলি লাগে।"
মিজান, তুষার ও ব্যারিস্টার নামে তিনজন ওই হামলা চালায় বলে আক্তারের অভিযোগ।
মিলনকে প্রথমে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সাভার থানার উপ-পরিদর্শক আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
পূর্ব শত্র"তার কারণে মিলনকে হত্যার চেষ্টা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
মিলন ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার বিদ্যাগঞ্জ এলাকার মমতাজ উদ্দিন সরকারের ছেলে। তিনি সাভারে থাকতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২১০ ঘ.
bdnews24