ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে না ফেরার ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার বলেছেন, সংসদে বিরোধী দলের ফেরার পরিবেশ সৃষ্টি করতে সরকার ব্যর্থ হয়েছে।
সংবিধান সংশোধনে সরকারের উদ্যোগের সমালোচনাও করেছেন তিনি। বিএনপি মহাসচিব জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই তার দলের কাউন্সিল হবে।
দেলোয়ার সাংবাদিকদের বলেন, "সংসদের ভেতর-বাইরে সরকারের নয় মাসের কার্যক্রম দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংসদে ফিরে আসার যে আহ্বান জানিয়েছেন, তা কার্যকর করতে হলে আগে পরিবেশ সৃষ্টি করতে হবে। সরকারি দল এখনও সে পরিবেশ সৃষ্টি করেনি।"
নবম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী রোববার আবার বসছে। সামনের সারিতে আসন দাবি করে প্রধান বিরোধী দল বিএনপি প্রথম অধিবেশনের পর আরও কোনও অধিবেশনে যোগ দেয়নি। রমজানে সেনাকুঞ্জে ইফতার পার্টিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংসদে ফিরতে সরাসরি আহ্বান জানান।
দেলোয়ার বলেন, "বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের করা রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার প্রত্যাহার হয়নি। আমাদের বিরুদ্ধে আরও মামলা দেওয়া হচ্ছে। চালানো হচ্ছে নিপীড়ন-নির্যাতন।"
এক্ষেত্রে দলের বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানকে গ্রেপ্তারের বিষয়টিও তুলে ধরেন তিনি। একটি হত্যাপ্রচেষ্টা মামলায় গত মঙ্গলবার আমানকে গ্রেপ্তার করা হয়।
তবে বিএনপি সংসদে ফিরতে আগ্রহী- এ কথা জানিয়ে মহাসচিব বলেন, "আমাদের নেত্রী (খালেদা) সব সময় সরকারকে সহযোগিতা করার কথা বলে এসেছেন। সে জন্য সংসদেও আমরা যেতে চাই। কিন্তু সরকার সংসদে যাওয়ার কোনও পরিবেশ রাখেনি।"
সংবিধান সংশোধনে সরকারের উদ্যোগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, "এটা সরকারের অশুভ ও দুরভিসন্ধিমূলক উদ্যোগ। দেশের মানুষ তা কোনোভাবে মেনে নেবে না।"
সংবিধানে কিছু সংস্কারের লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়েছে। ১৯৭২ সালে প্রণীত মূল সংবিধানে ফিরে যাওয়ার কথা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ও আইনমন্ত্রী শফিক আহমেদ বলে আসছেন।
'৭২ এর ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার পর বিভিন্ন সময় তাতে ১৪ বার সংশোধনী আনা হয়। এরমধ্যে সামরিক সরকারও কয়েকটি সংশোধনী এনে তাদের কাজের বৈধতা দেয়।
দেলোয়ার বলেন, "দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান অ্যাসেম্ব^লির নির্বাচিত সংসদ সদস্যদের নিয়েই সংসদ ও সরকার গঠন করা হয়েছিল। একটি সর্বদলীয় সরকার গঠনের দাবি উঠলেও আওয়ামী লীগ তা করেনি।
"৭৫ সালে তারাই (আওয়ামী লীগ) আবার '৭২ সালের সংবিধান রহিত করে একদলীয় শাসন ব্যবস্থার জন্য সংবিধান সংশোধন করে। এখন আবার তারাই বলছেন ওইটা পুনরুজ্জীবিত করবে। তবে আওয়ামী লীগ সরকারকে বুঝতে হবে- '৭২ সাল আর ২০০৯ সাল এক নয়।"
আইনমন্ত্রী শফিক অবশ্য একদলীয় শাসন ব্যবস্থা চালুর কথা নাকচ করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত সপ্তাহে বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, সংবিধান সংশোধন হলে তা ঐকমত্যের ভিত্তিতেই করা হবে।
যদিও সংবিধান সংশোধনের মতো সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের রয়েছে।
দেলোয়ার সকালে তার জেলা মানিকগঞ্জ রওনা হন। এর আগে রাজধানীর আরমানিটোলার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ বছরের ডিসেম্বরেই বিএনপির জাতীয় কাউন্সিল হবে জানিয়ে দেলোয়ার বলেন, সবগুলো কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটি গঠনের কাজ শেষ হলেই কাউন্সিল হবে।
বিভিন্ন স্থানে জেলা কমিটি এখনও না হওয়ার কথা বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, "কমিটি গঠন সময়মতোই হয়ে যাবে। এ নিয়ে বিভ্রান্তি তৈরি করে লাভ হবে না।"
নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন টিকিয়ে রাখতে আগামী জানুয়ারি মাসেই নতুন গঠনতন্ত্র অনুমোদনে রাজনৈতিক দলগুলোর কাউন্সিলের বাধ্যবাধকতা রয়েছে। বিএনপি ছাড়া অন্য প্রধান দলগুলো ইতোমধ্যে কাউন্সিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০০ ঘ.
bdnews24