২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিএফআইয়ের কাজ নির্দিষ্ট করুন: সংসদে কান্নারুদ্ধ জলিল

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)-এর কর্মপরিধি নির্দিষ্ট করা এবং এর কার্যক্রম সেনাবাহিনীর মধ্যে সীমিত রাখার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। বৃহস্পতিবার এ দাবি জানিয়ে বর্ষীয়ান এই নেতা বাষ্পরুদ্ধ কন্ঠে বলেন, "৭০ বছর বয়সে আমি স্বাভাবিক জীবন থেকে অনেক পিছিয়ে গেছি। আমি এর বিচার চাই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)-এর কর্মপরিধি নির্দিষ্ট করা এবং এর কার্যক্রম সেনাবাহিনীর মধ্যে সীমিত রাখার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। বৃহস্পতিবার এ দাবি জানিয়ে বর্ষীয়ান এই নেতা বাষ্পরুদ্ধ কন্ঠে বলেন, "৭০ বছর বয়সে আমি স্বাভাবিক জীবন থেকে অনেক পিছিয়ে গেছি। আমি এর বিচার চাই।" রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে আব্দুল জলিল বলেন, "আমরা জনগণের মৌলিক অধিকারের জন্য আন্দোলন করেছি। কিন্তু আমাদের এখানে এমন একটি সংস্থা রয়েছে যারা মানুয়ের সম্মান দিতে পারে না। সংস্থাটির নাম ডিজিএফআই। রাজনীতিবিদদের হেয় করা তাদের কাছে তামাশার ব্যাপার, এরা কাউকে তোয়াক্কা করে না।" তিনি জানান, তাকে তার মার্কেন্টাইল ব্যাংকের নিচ থেকে ২০০৭ সালের ২৮ মে চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যাওয়া হয়। পাঁচ দিন রিমান্ডে রাখা হয়। জলিল বলেন, "একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে যে সম্মান দেওয়া উচিত ছিল তা দেয়া হয়নি। জিজ্ঞাসাবাদের সিডি বের করে আমার সম্মান ভূলুণ্ঠিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য এই সিডি বের করা হয়। বলা হয়েছে, আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি।" এই ঘটনা নিয়ে স্পিকারের নেতৃত্বে সংসদীয় তদন্ত কমিটি গঠনের আহবান জানিয়ে জলিল বলেন, "যারা আমাকে অন্যায়ভাবে ইন্টারোগেট করেছে তাদের শান্তি দাবি করছি। ভবিষ্যতে যেন এরকম আর না হয়।" তার দাবি, তাকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু, ক্যামেরার কারসাজিতে সাদা চোখ দেখানো হয়েছে। সংসদে তিনি বলেন, " জেলে আমাকে ওষুধের খরচ দিতে হয়েছে। ল্যাব এইডকে ১৯ লাখ টাকা দিতে হয়েছে। পাঁচ লাখ টাকা ওষুধের খরচ দিতে হয়েছে। ওরা আমাকে ইন্টারোগেট করে অসুস্থ বানিয়েছে, আবার আমার কাছ থেকেই চিকিৎসার খরচ নিয়েছে।" বক্তব্যের এক পর্যায়ে দুদক চেয়ারম্যানের অপসারণ দাবি করে আব্দুল জলিল বলেন, "তিনি পক্ষপাতদুষ্ট। তিনি আমার কাছে সম্পদের হিসাব চেয়েছেন, কিন্তু যে টাকা লুট করেছে সেই সাঈদ ইস্কান্দারের সম্পদের হিসাব চাননি।" তিনি দাবি করেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করা যায়নি। এর আগে রাষ্ট্রপতিকে তার ভাষণের জন্য 'ধন্যবাদ দিতে পারছেন না' জানিয়ে জলিল বলেন, "ইমপিচ ছাড়া এই রাষ্ট্রপতিকে আর কিছুই দিতে পারছি না। তিনি সংবিধান লংঘন করেছেন। তার জন্য জাতীয় জীবনে দুর্ভাগ্যের দু'টি বছর অতিবাহিত হয়েছে।" বক্তব্য শেষে আব্দুল জলিল কেঁদে ফেলেন। এসময় রাশেদ খান মেনন আসন থেকে উঠে গিয়ে তাকে সান্ত্বনা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/জিএনএ/এসি/২২২৭ ঘ.