মানিকগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে ব্যবহৃত একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রতীকে সিল মারা ৬৮টি ব্যালট পেপার পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে ব্যালট পেপার পাওয়ার ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় জনতা বিক্ষোভ করেছে। তারা কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানায়।
দৌলতপুর থানার পুলিশ কর্মকর্তারা জানান, স্কুল খোলার প্রথম দিন মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের ভেতরে ব্যালট পেপার ভর্তি একটি প্যাকেট কুড়ে পায়। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক আবদুর রউফ প্যাকেটটি খুলে উপজেলা নির্বাচনে পরাজিত ভাইস-চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী বেগমের চাবি প্রতীকে সিল মারা ৬৮টি ব্যালট পেপার পান। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন।
এ ব্যাপারে বাঁচামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে পুলিশ জানায়।
পরিত্যাক্ত অবস্থায় ব্যালট পেপার পাওয়ার প্রতিবাদে সন্ধ্যায় জনতা দৌলতপুর থানা ও ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। তারা কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানায়।
ইউএনও মো. মোহসিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24