ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত সরকারের সময়ে নিয়োগ দেওয়া আইনজীবীদের মধ্যে 'সৎ, দক্ষ ও নিষ্ঠাবানদের' চাকরিতে বহাল রাখা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ।
সোমবার বিকেলে সচিবালয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন ।
বিগত সরকারের সময়ে যেসব আইনজীবী নিয়োগ পেয়েছেন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে কি না? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা আইন অঙ্গনকে রাজনীতির বাইরে রাখতে চাই। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও আগের সরকারের নিয়োগ করা আইনজীবীদের অনেককেই বহাল রেখেছিল।"
অ্যাটর্নি জেনারেল বলেন, "বিগত সরকারের সময়ে দলীয়করণের মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন, তাদের মধ্যে যারা সৎ, দক্ষ ও নিষ্ঠাবান তাদেরকেও চাকরিতে বহাল রাখা হবে।"
সরকরী আইন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে কোনো নীতিমালা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, "এই বিষয়ে আমরা এখনো কোনো নীতিমালা চূড়ান্ত করিনি। তবে যারা সৎ, দক্ষ ও নিষ্ঠাবান তাদেরকেই নিয়োগ দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/২০৩৯ ঘ.
bdnews24