২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির রাষ্ট্রপতির ভাষণ বর্জন

সংসদের উদ্বোধনী অধিবেশনে রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির ভাষণ বর্জন করেছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী চারদল। এদিকে নতুন সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ। ডেপুটি স্পিকার হয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী। বিস্তারিত জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী ও সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের উদ্বোধনী অধিবেশনে রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির ভাষণ বর্জন করেছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী চারদল। এদিকে নতুন সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ। ডেপুটি স্পিকার হয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী। প্রথম কার্যদিবসে তত্ত্বাবধায়ক সরকারের জারি করা ১২২টি অধ্যাদেশ উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। রোববার মাগরিবের নামাজের বিরতির পর অ্যাডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরুর পরপরই খালেদা জিয়ার নেতৃত্বে ওয়াকআউট করে বিএনপি। তাদের সঙ্গী হয় চারদলের অন্য শরীকরা। বিএনপি সাংসদ সালাউদ্দীন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," ৯০ দিনের মধ্যে নির্বাচন না দিয়ে রাষ্ট্রপতি শপথভঙ্গ করেছেন। এই রাষ্ট্রপতির বক্তব্য আমরা শুনতে পারি না। দুই বছর দেশকে অগণতান্ত্রিক শাসনে রেখেছেন এই রাষ্ট্রপতি।" স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিতে চাইলে অনুমতি পাননি সালাউদ্দীন কাদের চৌধুরী। তখন তিনি তার নেত্রীকে নিয়ে দলবলসহ বেরিয়ে যান এবং উচ্চৈস্বরে কথা বলতে থাকেন। এসময় স্পিকারকে বলতে শোনা যায়, "আপনারা চলে যাচ্ছেন কেন? রাষ্ট্রপতিতো আপনাদেরই লোক।" এরপর বিরোধী দলের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ভাষণের পর ২৮ জানুয়ারি পর্যন্ত সংসদ মুলতুবি করেন স্পিকার। রোববার বিকাল ৩টা ২০ মিনিটে নবম স ংসদ অধিবেশন শুরু হয় বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে। উদ্বোধনী অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াসহ সরকার ও বিরোধী দলের সাংসদরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়াসহ বিরোধী দলের সদস্যরা বুকে কালো ব্যাজ ধারন করে সংসদে আসেন। সংসদের প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ স্পিকার হিসেবে আব্দুল হামিদ ও হুইপ আ স ম ফিরোজ ডেপুটি স্পিকার হিসেবে শওকত আলীর নাম প্রস্তাব করেন। কন্ঠভোটে নির্বাচনের সময় বিরোধী দলীয় সদস্যদের চুপ থাকতে দেখা যায়। এ পর্যায়ে আধঘন্টার জন্য অধিবেশন মূলতবি ও স্পিকার নির্বাচনের আগে জমিরউদ্দিন সরকার বিদায়ী ভাষণ দেন। উদ্বোধনী অধিবেশনে স্পিকার গ্যালারিতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ফকরুদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, ড. তৌফিক-ই এলাহী চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা, তিন বাহিনীর প্রধানসহ সরকারি উর্ধ্বতন কর্মকতা ও ব্যবসায়ী নেতা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার স্ত্রী ক্রিটিয়ানা ওভারমায়ার, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও তার স্বামী খন্দকার মাসরুর হোসেন উপস্থিত ছিলেন। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স, জার্মানীর রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকি, ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কুটনীতিকরাও উপস্থিত ছিলেন। সংসদের ৫ম তলায় রাষ্ট্রপতির চেম্বারে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান ইয়াজউদ্দিন আহম্মেদ। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা জিল্লুর রহমান ও প্রধান হুইপ আবদুস শহীদ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকেল ৪টা ৫৩ মিনিটে নতুন স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। শুরুতেই স্পিকার স্বাগত বক্তব্যে বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দল মতের ঊর্ধ্বে থেকে দেশের মানুষের কল্যাণে সবাইকে কাজ করে যেতে হবে।" স্বাগত বক্তব্য শেষে বিগত বছরগুলোর বিভন্ন সময় দেশে বিদেশে মৃত্যুবরণকারী ৮৩ জন ব্যক্তি ও রাজনীতিকের জন্য শোক প্রস্তাব করেন স্পিকার। স্পিকার আব্দুল হামিদ একে একে ওই ৮৩ জন বিশিষ্ট ব্যক্তির নাম পড়ে শোনান। তবে সরকার দলের চিফ হুইপ আব্দুস শহীদ ওই তালিকায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের নাম অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন। এছাড়া রাশেদ খান মেনন ২০০৭ সালের ২৮ অক্টোবর পল্টনের সহিংসতায় নিহত মহাজোট কর্মীদের নামও অন্তর্ভূক্ত করার দাবি জানান। ওই দিনের ঘটনায় চারদলের নিহতদের নামও অন্তর্ভূক্ত করার দাবি জানান বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। পরে আওয়ামী লীগ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমদ ও বিএনপির সাংসদ জেড আই এম মোস্তফা আলী স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। জেড আই এম মোস্তফা আলী বলেন, "কে বিরোধী দল কে সরকারি দল তা মূখ্য নয়। দেশবাসী যা চায় তাই করতে হবে।" সাংসদদের বক্তব্য পর্ব শেষে স্পিকারের নেতৃত্বে গঠন করা হয় কার্য উপদেষ্টা কমিটি। এ কমিটির সদস্যরা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, সুরঞ্জিত সেন গুপ্ত, সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, চিফ হুইপ আব্দুস শহীদ, এইচ এম এরশাদ, রাশেদ খান মেনন, এম কে আনোয়ার, আব্দুল মতিন খসরু, ফজলে রাব্বি মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসইউএম/এসএম/জিএনএ/১৭৫৯ ঘ.