ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী দিনে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য শিশুদের সুশিক্ষিত হতে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন শনিবার রাতে তার গুলশানের কার্যালয়ে 'জিয়া শিশু কিশোর সংগঠন' আয়োজিত ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান।
খালেদা জিয়া শিশুদের উদ্দেশে বলেন," আজকের শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।"
তিনি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সারা দেশ থেকে পঞ্চাশটির বেশি শিশু-কিশোর অংশ নেয়।
খালেদা জিয়া তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রয়াত স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 'স্বাধীনতার ঘোষক' হিসেবে পরিচয় করিয়ে দেন।
তিনি জিয়া ও তার সরকারের শাসনামলে শিশুদের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
এসময় তিনি জিয়ার আমলে শিশু পার্ক স্থাপন, মহিলা ও শিশু মন্ত্রণালয়, শিশু একাডেমি প্রতিষ্ঠা ও বিটিভিতে শিশুদের প্রতিভা সন্ধানের জন্য 'নতুন কুঁড়ি' অনুষ্ঠান চালুর কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ও জিয়া শিশু-কিশোর সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএ/এসকে/২১৫৫ঘ.
bdnews24