২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পাঁচটি আ. লীগ ও একটি জাপা নেতার

ফরিদপুরের ৯টি উপজেলার মধ্যে ৬টির বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী ও বাকিটিতে জাতীয় পার্টির প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 12:05 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ফরিদপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ৯টি উপজেলার মধ্যে ৬টির বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী ও বাকিটিতে জাতীয় পার্টির প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মধুখালী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মফিজুর রহমান মঞ্জু ৫১ হাজার ৩০৩ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। বিএনপির সফিউল ইসলাম মুরাদ ২২ হাজার ১৬২ ভোট পেয়ে হেরে গেছেন। বোয়ালমারী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মোশাররফ হোসেন ৬৬ হাজার ৭১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হিরু মুন্সী পেয়েছেন ২৫ হাজার ৩৫০ ভোট। আলফাডাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ নেতা খান বেলায়েত হোসেন ১০ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের নেতা জালাল উদ্দিন আহমেদ পেয়েছেন ১০ হাজার ৪১৭ ভোট। নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মনিরুজ্জামান সরদার ৩৬ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার কাছে হেরেছেন একই দলের নেতা খলিলুর রহমান। তিনি পেয়েছেন ২৪ হাজার ৪৮৬ ভোট। চরভদ্রাসন উপজেলায় জাতীয় পার্টির আবুল হোসেন মাস্টার ৫ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাউসার হোসেন পেয়েছেন ৫ হাজার ১৭৫ ভোট। এছাড়া সদর উপজেলায় আওয়ামী লীগের মো. সামসুল হক ৬০ হাজার ৯১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান হোসেন চৌধুরী পেয়েছেন ৪১ হাজার ৭৪৮ ভোট। ভোটের দিন বিকেলে ইমরান হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ১৯৮৫ সালে এ উপজেলায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হল- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর ও সিরাজগঞ্জের বেলকুচি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/০৬০৩ ঘ.