কক্সবাজার, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহিংসতার পরিপ্রেক্ষিতে কক্সবাজারের উখিয়া উপজেলায় বৃহস্পতিবার নির্বাচন স্থগিত করার মৌখিক ঘোষণা দেওয়া হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মঞ্জুর আলম ভূঞা বুধবার রাত ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খবরটি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক বলেন, "আগামীকালের (বৃহস্পতিবার) নির্বাচন মৌখিকভাবে স্থগিত করা হয়েছে। লিখিত আদেশ দেওয়া হবে আগামীকাল।"
ঋণ খেলাপের দায়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী হামিদুল হক চৌধুরীর প্রার্থিতা বাতিল করলে তার সমর্থক ও কর্মীরা বুধবার দুপুর থেকে ব্যাপক সহিংস বিক্ষোভ শুরু করে।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওমর ফারুকও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহিংসতামুক্ত নির্বাচন করার স্বার্থে উখিয়ায় আগামীকাল নির্বাচন স্থগিত করার একটি প্রক্রিয়া চলছে। তবে এখনও সিদ্ধান্ত জানি না।"
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উখিয়া উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জেনেছি। আগামীকাল সকালে এ সংক্রান্ত নির্দেশনা নির্বাচন কমিশন থেকে জানানো হবে।"
হামিদুল হক চৌধুরীর বিক্ষুদ্ধ সমর্থক ও কর্মীরা এক পর্যায়ে উপজেলা পরিষদে হামলা চালাতে উদ্যত হলে বিডিআর কয়েক রাউন্ড গুলি করে যাতে চারজন আহত হয়েছেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাত পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন।
রাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, বিক্ষুব্ধ জনতা কিছুটা শান্ত হয়েছে। তারা ব্যারিকেড তুলে নিয়ে চলে যাচ্ছে। গাড়ি চলাচল শুরু হয়েছে।
তবে হামিদুল হকের এক প্রচার কর্মী হামিদ আজাদ রাত সাড়ে ১২টার দিকে বলেন, "এখনও বিক্ষোভ চলছে। নির্বাচন স্থগিতের লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত অবস্থান ছাড়বো না আমরা।"
গোলযোগের শুরুর দিকে ব্যালটবাক্স ভাঙচুর ও ব্যালট পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এলাকার লোকজনের সংঘর্ষে পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ৫৪ জন আহত হন। এদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
এক পর্যায়ে বিক্ষোভকারীরা কয়েকটি দোকান ও সী লাইন পরিবহনের একটি বাস ভাঙচুর করে। ওই সময় নির্বাচনী সরঞ্জাম নিয়ে একটি জিপগাড়ি থাইনখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার সময় বিক্ষোভকারীরা আটটি ব্যালটবাক্স ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। তারা ২৮টি ব্যালট বই ও ৭টি ব্যালট পেপারও নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।
এ সময় বিক্ষোভকারীরা থাইনখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও কুতুপালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে মারধর করে। পুলিশ, বিডিআর ও আনসার বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
এর পর বিকাল সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ভবন ঘেরাওয়ের চেষ্টা করলে বিডিআর ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে।
বৃহস্পতিবার দেশের সব উপজেলায় একযোগে নির্বাচন হচ্ছে। তবে খাগড়াছড়ির দিঘীনালা ও কক্সবাজারের উখিয়ায় নির্বাচন স্থগিত রাখায় নির্বাচন হবে ৪৭৯টি উপজেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/ডিডি/এসকে/০১০১ঘ.
bdnews24