ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত ব্যবসায়ী, তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, উপ সচিব, ঢাকার জেলার ও জেলা ম্যাজিস্ট্রেটকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মামুনের আটকাদেশের বৈধতা নিয়ে তার ভাই জালালউদ্দিন রুমির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ এই আদেশ দেয়।
গত ৪ জানুয়ারি গিয়াসউদ্দিন আল মামুনকে আটকাদেশ দেওয়া হয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের শুরুর দিকেই তাকে গ্রেপ্তার করা হয়।
মামুনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২০৫৯ঘ.
bdnews24