ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য বিমোচন এবং সন্ত্রাস মোকাবেলায় বর্তমান সরকারের অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো বলেছেন, দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য এবং সন্ত্রাস উন্নয়নের প্রধান শত্র"।
রোববার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।
২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পর এই প্রথমবারের মতো রাষ্ট্রদূত মরিয়ার্টি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন।
এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
ভবিষ্যতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুসংহত হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।
এদিকে, অষ্ট্রেলিয়ার হাইকমিশনার ডগলাস ফসকেট প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে রোববার বিদায়ী সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সরওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন ক্ষেত্রে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির আহবান জানান। জ্বালানি ও বিদ্যুৎখাতসহ অন্যান্য খাতে মার্কিন সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অভিনন্দনের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানো এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের আগ্রহের জন্য শেখ হাসিনা দেশটির প্রতি ধন্যবাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/এএল/জিএনএ/১৭৪০ ঘ.
bdnews24