চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।
আহতরা সবাই নগরীর খুলশী থানায় অবস্থিত শিক্ষায়তনটির বিভিন্ন বর্ষের ছাত্র। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলশী থানার উপ-পরিদর্শক শরীফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ক্যাম্পাস সংলগ্ন গোল্ডেন হরাইজন গার্মেন্টসের পাশের রাস্তায় একদল ছাত্রলীগ কর্মী মিছিল বের করে। এই সময় তাদের কর্মীকে ছাত্রলীগের অন্য পক্ষ বায়েজীদ বোস্তামী সড়কে আটকে রেখেছে এমন খবর আসে।
উপ-পরিদর্শক জানান, মিছিল নিয়ে তারা বায়েজিদ বোস্তামী সড়ক এলাকায় গেলে সেখানে অপেক্ষমান অন্য পক্ষের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে শরীফুল ইসলাম জানান।
ক্যাম্পাসে আধিপত্য বজায় রাখাকে কেন্দ্র করেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠনটির দুই গ্র"পে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১৫৯ঘ.
bdnews24