কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ বসার আগেই বিএনপির নবনির্বাচিত সাংসদদের শপথ পড়াবেন স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার।
তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কামরান রেজা চৌধুরীকে জানিয়েছেন, আগামী বুধবার তিনি বিএনপিসহ চারদলীয় জোটের সাংসদদের শপথ পড়াবেন।
গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপিসহ চারদলীয় জোটের নেতারা এখনও শপথ নেননি। গত ৪ জানুয়ারি শপথের নির্ধারিত তারিখে তারা অনুপস্থিত ছিলেন।
এরপর সেদিন স্পিকার জানিয়েছিলেন, সংবিধান অনুযায়ী চারদলীয় জোট সাংসদদের তিনি আর শপথ পড়াতে পারছেন না।
জমিরউদ্দিন সরকার বলেন, "সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার যদি শপথ পড়াতে অসমর্থ কিংবা অনাগ্রহী হন, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সাংসদদের শপথ পড়াবেন। কিন্তু আমি শপথ পড়াতে অসমর্থ বা অনিচ্ছুক- কোনোটাই ছিলাম না। সে কারণে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেওয়ায় অংশটি প্রযোজ্য হবে না।"
"আর সংবিধানের তৃতীয় তফসিলের পঞ্চম ধারা অনুসারে, নতুন স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত আমিই স্পিকার হিসেবে নবনির্বাচিত সাংসদদের শপথ পড়াব", বলেন জমিরউদ্দিন।
তিনি আরও বলেন, "যেহেতু সংবিধানে নতুন স্পিকারের কাছে শপথ নিতে হবে- এমন কথা স্পষ্ট বলা নেই। তাই স্পিকার হিসেবে আমিই শপথ পড়াব।"
গত ৪ জানুয়ারি কামরান রেজা চৌধুরীকেই দেওয়া এক সাক্ষাৎকারে জমিরউদ্দিন সরকার সংবিধানের ১৪৮তম অনুচ্ছেদ উদ্ধৃত করে বলেছিলেন, "নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হওয়ার পর তিন দিনের মধ্যে নবনির্বাচিত সাংসদদের শপথ নিতে হবে। এই তিন দিনের মধ্যে তারা শপথ না নিলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পড়াবেন।"
পরবর্তী তিন দিনের মধ্যেও শপথ না নিলে সংসদ অধিবেশনের প্রথম দিন থেকে ৯০ দিনের মধ্যে নতুন স্পিকারের কাছ থেকে নবনির্বাচিত সাংসদদের শপথ নেওয়ার বিধান রয়েছে।
"সংবিধানের বিধির কারণে আমি বিএনপি-জামায়াতের সাংসদদের শপথ পড়াতে পারব না", বলেছিলেন স্পিকার।
পূর্বের অবস্থানের সঙ্গে বর্তমান অবস্থানের পার্থক্যের কারণ হিসেবে স্পিকার সোমবার বলেন, "তখন আমি ভালো করে সংবিধানের ধারাগুলো পড়িনি।"
নবম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ইতোমধ্যে সরকার গঠন করেছে।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট পেয়েছে ৩২টি আসন। এর মধ্যে বিএনপির আসন সংখ্যা ২৯টি। জামায়াতে ইসলামী ২টি ও বাংলাদেশ জাতীয় পার্টি ১টি আসন পেয়েছে।
আওয়ামী লীগ ইতোমধ্যে জানিয়েছে, তারা ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে ছেড়ে দেবে।
কিন্তু বিএনপির নবনির্বাচিত সাংসদরা শপথ না নেওয়ায় এ বিষয়ে জটিলতা দেখা দেয়। কারণ সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৯০০ ঘ.
bdnews24