ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আরাফাত রহমান কোকোর নেওয়া কথিত ঘুষের টাকা জব্দ করতে যুক্তরাষ্ট্রে হওয়া মামলাকে আবারো মহল বিশেষের 'বানোয়াট অপপ্রচার' বলে আখ্যায়িত করলেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রোববার রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সিনিয়র আইনজীবীদের বৈঠকের পর দেলোয়ার এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
খালেদা জিয়া এবং তার পরিবারের ভাবমূর্তি বিনষ্ট করাই এর উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।
দেলোয়ার দাবি করেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট কোকোর বিরুদ্ধে মামলা করেনি। মামলা করেছে সিমেন্স কোম্পানীর বিরুদ্ধে। এজন্য ওই মামলার সঙ্গে কোকোর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি ।
সিমেন্সকে ২০০১ সালের ৪ মে প্রথম ঘুষ দেওয়া হয় দাবি করে দেলোয়ার বলেন, " ওই সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল না। ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। যেহেতু সে সময়টি আওয়ামী লীগ আমলের সেহেতু কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ দেওয়া-নেওয়ার সঙ্গে কোকো ও বিএনপির যুক্ত থাকার কোনো সম্ভাবনাই নেই।"
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র থেকে বিশ্বের অন্য কোনো দেশে অর্থ গেলে তাদের আইন অনুযায়ী তারা সে অর্থ ফেরত আনতে পারে। তিনি দাবি করেন, সিঙ্গাপুরে যে যৌথ হিসেবের কথা বলা হয়েছে সেটা যে কোকোর তা বলা হয়নি।
দেলোয়ার বলেন, "তারপরও আমরা মামলাটি বিচার-বিশ্লেষণ করে দেখবো। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে এর বিরুদ্ধে লড়বো।"
খালেদা জিয়ার ছোটো ছেলে কোকোর নামে সিঙ্গাপুরের একটি ব্যাংকে থাকা 'ঘুষের 'অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস বৃহস্পতিবার মার্কিন আদালতে একটি অভিযোগ দায়ের করে। এতে কাজ পাইয়ে দেওয়ার জন্য টেলিকম প্রতিষ্ঠান সিমেন্স ও চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয় কোকোর বিরুদ্ধে।
গত ১৮ ডিসেম্বর কোকোর নামে সিঙ্গাপুরে গচ্ছিত প্রায় সাড়ে ১১ কোটি টাকা সমমানের অর্থের সন্ধান এবং তা জব্দ করার কথা জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদিকে রোববারই চারদলীয় জোট সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে 'ঘুষ' হিসেবে নেওয়া প্রায় ২০ কোটি ডলার ফেরত পেতে বাংলাদেশ সরকারের সহায়তা চায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং যুক্তরাজ্যের ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রতিনিধিরা রোববার সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করে অর্থ উদ্ধারে সহায়তা চান।
বিএনপির ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিচারপতি টিএইচ খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট আহমেদ আজম খান, সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার কায়সার কামাল, নাসিরউদ্দিন অসীম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসকে/২৩৪৯ঘ.
bdnews24