ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন চায় বিএনপি। শুক্রবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালী-১ আসনের এক নির্বাচনী জনসভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া এ কথা বলেন।
তিনি বলেন, "যারা কারচুপির মাধ্যমে ক্ষমতায় গিয়েছে আমরা তাদের প্রতিশ্র"তির বাস্তবায়ন দেখতে চাই।"
মহাজোট প্রার্থী, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের মৃত্যুতে নোয়াখালী-১ আসনের নির্বাচন ২৯ ডিসেম্বর হয়নি। আগামী ১২ জানুয়ারি ওই আসনে নির্বাচন হবে।
বিকেলে কুমিল্লা থেকে সড়কপথে সোনাইমুড়ি আসেন খালেদা। পরে দলীয় প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন তিনি।
খালেদা জিয়া অভিযোগ করে বলেন, "২৯ ডিসেম্বরের নির্বাচনে অবিশ্বাস্যভাবে কারচুপি করে বিএনপিকে হারানো হয়েছে। এই কারচুপির মাধ্যমে শুধু বিএনপিকে হারানো হয়নি, এই কারচুপি হয়েছে দেশ ও জনগণের সঙ্গে।"
নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "এবার যেন আর কারচুপি না হয়; সঠিকভাবে ভোট হয় সে ব্যবস্থা নিন; সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করুন।"
বিএনপি চেয়ারপারসন বলেন, "২৯ ডিসেম্বরের নির্বাচনের আগে বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি হয়েছিল। জনগণ আমাদের পক্ষে ভোটও দিয়েছিল।"
ক্ষমতাসীন দলের প্রতি খালেদা জিয়া অভিযোগ করেন, "তারা ক্ষমতায় বসেই আমাদের দলীয় নেতাকর্মীদের হত্যা, নির্যাতন করছে; বাড়িঘর দখল করছে; লুটপাট চালিয়ে যাচ্ছে। ৯৬ সালের নির্বাচনের পরেও তারা হত্যা শুরু করেছিল। এবারও তারা আমাদের কর্মী নজরুল ইসলামকে হত্যা করে শপথ নিয়েছে।"
তিনি বলেন, "তারা নির্বাচনের আগে জনগণকে অনেক প্রতিশ্র"তি দিয়েছে। এখন ক্ষমতায় বসে তারা বলছে তারা এ ধরনের প্রতিশ্র"তি দেয়নি।"
সমাবেশে খালেদা জিয়া ব্যারিস্টার খোকনের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন।
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, সালাহউদ্দিন কাদের চৌধুরী, সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, মজিবর রহমান সরোয়ারসহ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের নব নির্বাচিত দলীয় সাংসদরা।
সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা শেষে সন্ধ্যায় চাটখিল পিজি উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় খালেদা জিয়া বলেন, "আমরা সংসদে যাব। জনগণের পক্ষে কথা বলব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কিছু হলে আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াব।"
এই জনসভা শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন।
এর আগে, কুমিল্লা ডাক বাংলোয় বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খালেদা। সেখানেও তিনি নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন তুলেন।
তিনি বলেন, "সংসদ নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেনি। একটি জোট ও দলের পক্ষে তারা কাজ করেছে। এ নির্বাচনে বিএনপিকে জোর করে হারানো হয়েছে।"
তবে নির্বাচনে বিপর্যয়ের পর দল পুনর্গঠনে স্থানীয় পর্যায়ের সব কমিটি ভেঙে দেওয়া হবে বলে জানান তিনি।
খালেদা জিয়া নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "পাঁচ বছরে আমরা যে উন্নয়ন করেছি, তার সুফল জনগণ পেয়েছে। তাই জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা দলকে নতুনভাবে গড়ে তুলব। সব কমিটি ভেঙে দেওয়া হবে। ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আমরা নির্বাচনে জয়ী হয়ে আবার সরকার গঠন করব।"
তিনি বলেন, "আপনাদের মন খারাপ করার কিছু নেই। তৃণমূল পর্যায় থেকেই দলকে সংগঠিত করা হবে। নতুন নেতৃত্ব তৈরি করা হবে।"
খালেদা জিয়া আসন্ন উপজেলা নির্বাচনে এক হয়ে কাজ করতে বিএনপি নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেন।
গত নির্বাচনে সারাদেশে বিপর্যয়ের মধ্যেও বৃহত্তর নোয়াখালীর ১৩টি আসনের মধ্যে নয়টি আসনে বিএনপি বিজয়ী হয়। নোয়াখালীর ছয়টি আসনের দুটি পায় বিএনপি। ফেনী ও লক্ষ্মীপুরের সবগুলো আসনেই বিজয়ী হয় দলটি। খালেদা জিয়া নিজেও ফেনী-১ আসন থেকে বিজয়ী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এএল/এমআই/জেকে/১৯৪৫ ঘ.
bdnews24