মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৪৮১টি উপজেলায় আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা খাতে ৪৯ কোটি ৯ লাখ ১১ হাজার ৭৬৩ টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এছাড়া নির্বাচন পরিচালনা খাতে ইসিকে ইতোমধ্যে ৮৩ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ দিয়েছে অর্থমন্ত্রণালয়। সব মিলিয়ে এ নির্বাচনের ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ১৩৩ কোটি টাকা।
এদিকে উপজেলা নির্বাচনকে সামনে রেখে ১৬ থেকে ২৪ জানুয়ারি- নয় দিন আইন শৃঙ্খলাবাহিনীকে মাঠে রাখার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন সামনে রেখে আগামী ১১ জানুয়ারি আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠক হবে। সে সময় এ বিষয়গুলো চূড়ান্ত হবে।
১৬ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতি উপজেলায় একজন করে বিচারিক হাকিম ও একজন করে নির্বাহী হাকিম নিয়োগের বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ইসি।
আরেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার জানান, উপজেলা নির্বাচনের দুই দিন আগে থেকে সেনা বাহিনী মোতায়েন করে নির্বাচনের পরবর্তী দুইদিন পর্যন্ত রাখা হবে।
কেনো সেনা মোতায়েন করা হচ্ছে-এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, ''সংসদ নির্বাচনে যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল, উপজেলা নির্বাচনেও তা বজায় রাখার লক্ষ্যে এ ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।"
ইসির একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা খাতে ৪৯ কোটি ৯ লাখ ১১ হাজার ৭৬৩ টাকা বরাদ্দ চেয়ে বুধবার অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা খাতে ইতোমধ্যে ৮৩ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার টাকা পাওয়া হয়েছে। সব মিলিয়ে ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ১৩৩ কোটি টাকা।
চার দিন সেনা মোতায়েন থাকলে আইন শৃঙ্খলা খাতে ব্যয় আরও কিছু বাড়বে। তবে তার সার্বিক ব্যয় দেড়শ কোটির মধ্যেই থাকবে বলে মনে করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে ইসি বলেছে, উপজেলা নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিডিআর, আসনার, ভিডিপি ও কোস্টগার্ড নিয়োজিত থাকবে। এছাড়া ভোটকেন্দ্রগুলোতে গ্রাম পুলিশ সদস্যদেরও নিয়োজিত রাখা হবে।
স্ট্রাইকিং ফোর্স হিসাবে মোতায়েন করা হবে বিডিআর, কোস্ট গার্ড, র্যাব ও আর্মড পুলিশ সদস্যদের। সহযোগী ফোর্স হিসাবে ব্যাটালিয়ন আনসার মোবাইল টিমে দায়িত্ব পালন করবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নির্বাচনে সাধারণ ভোটকেন্দ্রে ১৪ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৫/১৬ জন করে পুলিশ, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ সদস্য মোতায়েন করা হতে পারে।
এবার ৪৮১টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৮১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার ভোটার সংখ্যা ৭ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ২৮৬ জন।
এ নির্বাচনে মোট ৩২ হাজার ৩৮১টি ভোটকেন্দ্রে ১ লাখ ৭৪ হাজার ৭৬৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ হবে। প্রতি ভোটকেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তা, প্রতি ভোটকক্ষে একজন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা এবং ৩ লাখ ৪৯ হাজার ৫২৬ জন পোলিং কর্মকর্তা ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন।
এছাড়া ৬৪ জন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিটার্নিং কর্মকর্তা এবং সব উপজেলার নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসাবে থাকবেন।
আর আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিডিআর, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ছয় লাখেরও বেশি সদস্য মোতায়েন থাকবে বলে মিহির সারওয়ার মোর্শেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/জিএনএ/১৫১০ঘ.
bdnews24