২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা বাতিলে হাসিনার আবেদনের শুনানি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মূলতবি

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়ের করা আবেদনের চূড়ান্ত শুনানি আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলা দুটিতে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 11:05 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়ের করা আবেদনের চূড়ান্ত শুনানি আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলা দুটিতে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করারও নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও মো. রইসউদ্দিনের বেঞ্চ এই আদেশ দেন। এই নিয়ে পঞ্চমবারের মতো মামলা দুটিতে হাসিনাকে গ্রেপ্তার বা হয়রানি না করার মেয়াদ বাড়ানো হলো। আদেশের পর সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা দু'টি বাতিলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের ওপর শুনানি হাইকোর্ট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মূলতবি করেছে। এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলা দুটিতে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার মেয়াদ বাড়ানো হয়েছে।" এর আগে গত ২৩ নভেম্বর মামলা দু'টি বাতিলে শেখ হাসিনার দায়ের করা আবেদনের চূড়ান্ত শুনানি ৭ জানুয়ারি পর্যন্ত পেছানো হয়। এই তারিখ পর্যন্ত তাকে গ্রেপ্তার বা হয়রানি না করারও মেয়াদ বাড়ানো হয় সেই সময়। গত ২৭ অক্টোবর হাইকোর্ট মামলা দুটির কার্যক্রম স্থগিতের মেয়াদ রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল। এর আগে ৫ অক্টোবর মামলা দুটিতে হাসিনাকে গ্রেপ্তার বা হয়রানি না করার সাময়িক আদেশ দেয় হাইকোর্ট। গত ১৩ আগস্ট হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার নিু আদালতের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখার পক্ষে আদেশ দেয় সুপ্রিম কোর্ট। এর আগে গত ৭ জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুত কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার নিু আদালতের কার্যক্রম দুই মাসের জন্য স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। ওই আদেশে মামলা দুটির কার্যক্রম কেন বাতিল করা হবে না তার কারণ দর্শানোর জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারের প্রতি রুলও জারি করা হয়। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুদক ২০০৭ সালের ২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে। অপরদিকে, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় দুদক শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে। মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে অবৈধভাবে বিনা দরপত্রে দেওয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬ শ ৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। পরে দুদক এ মামলায় শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১৭০৫ ঘ.