ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ ছাত্রলীগের ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতা-কর্মীরা 'দখলদারিত্ব নয়, সহনশীলতার রাজনীতি' করার শপথ নিয়েছে। নির্বাচন-পরবর্তী কিছু সহিংসতার পরিপ্রেক্ষিতেই দৃশ্যত সংগঠনটি এরকম সতর্কতামূলক শপথ নিল।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দুপুর সাড়ে বারোটায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবনির্বাচিত সাংসদ ওবায়দুল কাদের।
এ সময় জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, "এ প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের নেতা-কর্মীদের শপথ নিতে হবে তারা হল দখল ও ক্যাম্পাস দখলের রাজনীতি করবে না বরং একযোগে কাজ করে সহনশীলতার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের অন্তর জয় করার রাজনীতির দিকে ধাবিত হবে।"
প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে সাবেক ছাত্রলীগ নেতা আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সুলতান মোহাম্মদ মনসুর, জাহাঙ্গীর কবির নানক, অজয় কর খোকন, আ খ ম জাহাঙ্গীর, আব্দুর রহমান, মাইনুদ্দিন হাসান চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী, বাহালুল মজনুন চুন্নু, বাহাদুর ব্যাপারী, নজরুল ইসলাম বাবু, লিয়াকত সিকদার প্রমুখ সাবেক ও বর্তমান ছাত্রনেতা।
প্রচণ্ড ভিড়ে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ায় অনুষ্ঠান দীর্ঘস্থায়ী হয়নি। এ সময় ব্যাথা পেয়েছেন মোস্তফা জালাল মহিউদ্দিন ও নজরুল ইসলাম বাবু।
শনিবার রাত ১২ টা ১ মিনিটেই হলগুলোতে কেক কেটে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়া কেন্দ্রীয়ভাবে শনিবার রাতে কার্জন হলের মাঠে ২০ পাউন্ড ওজনের কেক কাটা হয়।
সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের দেখা করার কথা।
অপরাজেয় বাংলার অনুষ্ঠানে ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এ সময় তারা পুরো ক্যাম্পাসে মিছিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৯২৩ঘ.
bdnews24