২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নেবে কিনা সিদ্ধান্ত নেয়নি বিএনপি: রিজভী

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতদের রোববার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ব্যাপারে এখনো দলীয় সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। একইসঙ্গে তিনি বলেছেন, উপজেলা নির্বাচন থেকে বিএনপির প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়ার খবর ঠিক নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতদের রোববার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ব্যাপারে এখনো দলীয় সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। একইসঙ্গে তিনি বলেছেন, উপজেলা নির্বাচন থেকে বিএনপির প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়ার খবর ঠিক নয়। শনিবার সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, "নির্বাচিতরা কবে শপথ নেবেন সে বিষয়ে দলের নীতিনির্ধারকরা এখনো সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।" রোববার বিকাল ৩টায় চারদলীয় জোটভুক্ত বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও দুজন স্বতন্ত্র সদস্যের শপথ নেওয়ার জন্য সময় নির্ধারিত রয়েছে। উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে জানিয়ে রিজভী আহমেদ বলেন, "উপজেলা নির্বাচন থেকে বিএনপির প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে কয়েকটি গণমাধ্যমে যে সংবাদ বেরিয়েছে- তা সঠিক নয়।" এদিনের ব্রিফিংয়েও রিজভী সারাদেশে দলীয় নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা, বাড়ি-ঘর লুটপাট, দলীয় কার্যালয় ও দোকান দখল এবং 'যুবতী অপহরণের' হুমকিসহ নানা অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, "ঢাকার পল্লবী, সিলেটের বালাগঞ্জ, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, গাজীপুর, মানিকগঞ্জের বিভিন্ন স্থানে আমাদের দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ কর্মীরা বেপরোয়া তাণ্ডবলীলা চালাচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন সুরাহা পাওয়া য়ায়নি।" রিজভী অভিযোগ করেন, "একদিকে আওয়ামী লীগের নেত্রী প্রতিহিংসা বর্জনের কথা বললেও নির্বাচনোত্তর ঘটনাপ্রবাহ থেকে এটি স্পষ্ট দেশে কেমন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।" তিনি একটি ছেঁড়া ব্যালট দেখিয়ে বলেন, "এটি মানিকগঞ্জের শিবালয়ের একটি কেন্দ্রে ধানের শীষে সিল মারা ব্যালট। সারাদেশ থেকে এ ধরনের অনেক নমুনা আমাদের কাছে আসছে।" সংবাদ ব্রিফিংয়ে সাবেক দলীয় সাংসদ এম ইলিয়াছ আলী, নাজিম উদ্দিন আলমসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএইচবি/২০১৯ ঘ.