২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

নতুন মন্ত্রিসভা আগামী মঙ্গলবার শপথ নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. আব্দুল আজিজ। তিনি শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। আব্দুল আজিজ বলেন, "মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 08:14 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মন্ত্রিসভা আগামী মঙ্গলবার শপথ নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. আব্দুল আজিজ। তিনি শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। আব্দুল আজিজ বলেন, "মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত হয়েছে। সে অনুযায়ী আমরা সব প্রস্তুতি নিচ্ছি।" তিনি বলেন, "প্রধানমন্ত্রীসহ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে।" রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান হবে বঙ্গভবনের দরবার হলে। সচিব আব্দুল আজিজ শুক্রবার জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫০টি গাড়ি ও চালকও প্রস্তুত রাখা হয়েছে। এক হাজারের বেশি নাম অন্তর্ভুক্ত করে অতিথিদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাবেক প্রধান উপদেষ্টা, স্পিকার, মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, বিভিন্ন কূটনীতিক মিশনের প্রধান, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর দুই জন করে প্রতিনিধি অতিথির তালিকায় স্থান পেয়েছেন। গত ২৯ ডিসেম্বর ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৩০টি আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি ও ওয়ার্কার্স পার্টি ২টি আসন পেয়েছে। সব মিলিয়ে মহাজোটের মোট আসন সংখ্যা ২৬২। অন্যদিকে বিগত সরকারে থাকা চারদলীয় জোটের বিএনপি ও তার মিত্ররা সব মিলিয়ে পেয়েছে ৩২টি আসন। এর মধ্যে বিএনপি পেয়েছে ২৯টি আসন। জামায়াত দুটি এবং বিজেপি একটি আসন পেয়েছে। নতুন সাংসদদের মধ্যে আওয়ামী লীগসহ তার মিত্রদের মধ্যে নৌকা প্রতীকে বিজয়ীরা শনিবার বিকালে শপথ নিচ্ছেন। বিএনপিসহ অন্য দলের সাংসদরা শপথ নেবেন রোববার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/এমআই/১৪১২ ঘ.