ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যত দ্রুত সম্ভব যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর জন্য নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরাম।
একইসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে 'মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির' বিজয়ে অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।
ফোরামের প্রচার ও প্রকাশনা কমিটির চেয়ারম্যান হারুন হাবীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, 'মুক্তিযুদ্ধের ৩৮ বছরের মাথায় দেশে যখন যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের তৎপরতা আতঙ্কজনকভাবে বৃদ্ধি পায়, ঠিক তখনই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির এই নির্বাচনী মহাবিজয়কে সেক্টর কমান্ডারস ফোরাম দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।'
'ফোরাম আশা প্রকাশ করছে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে এবং স্বাধীনতাবিরোধীদের প্রতিরোধে এখন থেকে বাংলাদেশে এক নতুন যুগের সূচনা হবে।'
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ফোরাম দৃঢ়ভাবে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্তির নির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব যুদ্ধাপরাধীদের বিচারের আইনি প্রক্রিয়া শুরু করবে এবং এই বিচারহীনতার কলঙ্ক থেকে বাঙালি জাতিকে মুক্ত করবে। যতদিন যুদ্ধাপরাধীদের বিচার হবে না, ততদিন মুক্তিযুদ্ধের লাখো শহীদের আত্মা অতৃপ্ত থাকবে এবং দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব অরক্ষিত থাকবে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮৩৫ ঘ.
bdnews24