২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার 'চাইলে' বিএনপির সহযোগিতা পাবে: দেলোয়ার

সরকারি দল 'চাইলে' বিরোধী দল হিসেবে বিএনপি সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শুক্রবার রাজধানীতে ন্যাম ফ্ল্যাটে নিজের বাসায় তিনি সাংবাদিকদের বলেন, "সরকারি দল যদি সত্যিকার অর্থে সংসদকে কার্যকর করতে চায়, সেক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইলে পাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 12:02 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি দল 'চাইলে' বিরোধী দল হিসেবে বিএনপি সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শুক্রবার রাজধানীতে ন্যাম ফ্ল্যাটে নিজের বাসায় তিনি সাংবাদিকদের বলেন, "সরকারি দল যদি সত্যিকার অর্থে সংসদকে কার্যকর করতে চায়, সেক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইলে পাবে।" তবে সংসদকে কার্যকর করার বিষয়টি সরকার ও সরকারি দলের আন্তরিকতার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি। চারদলীয় জোট সরকারের চিফ হুইপ দেলোয়ার মনে করেন, সরকারি দলের আচরণ ঠিক হলে বিরোধী দল আকারে ছোট হলেও সমস্য হবে না। কিন্তু সেজন্য অতীতের রাজনীতির সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। "আমাদের রাজনৈতিক আচার-আচারণ ভাল হওয়া উচিৎ। একজনের সঙ্গে দ্বিমত হলে তার চেহারাও দেখা যাবে না- এই পথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।"- বলেন তিনি। ২৯ ডিসেম্বরের নির্বাচনে চার দলের পরাজিত প্রার্থী দেলোয়ার বলেন, "সংসদের কার্যকরিতা নির্ভর করে সংসদ নেতা, স্পিকার ও সরকারি দলের আচরণের ওপর। সরকারি দলকে ধৈর্য্যশীল হতে হবে। বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে।" নির্বাচনে বিএনপির বিপর্যয় সর্ম্পকিত এক প্রশ্নের জবাবে তিনি আবারও কারচুপির অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, "অবশ্যই ব্যাপক কারচুপি হয়েছে। তারপরও আমরা মনে করি, অনির্বাচিত সরকারের চেয়ে তথাকথিত নির্বাচিত সরকার অনেক ভালো। কারণ রাজনৈতিক সরকারের আচরণ অনির্বাচিত সরকারের চেয়ে ভালো হয়। এ কারণে আমরা ভবিষ্যৎ সরকারকে সুযোগ দিতে চাই।" বিজয়ী দলের নেত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন শুভেচ্ছা জানিয়েছেন কি না- এ প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, "আমাদের দেশে একটা রেওয়াজ আছে, ছোটো ভাই হেরে গেলে বিজয়ী বড় ভাই তাকে সান্তনা দেন। এখন উনারা (আওয়ামী লীগ) বড় ভাই। ছোট ভাইয়ের সঙ্গে তারাই তো কথা বলবেন।" তিনি আরও বলেন, "উনি (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের নেত্রীও তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। সত্যি সত্যি সহযোগিতা চাইলে তিনি আমাদের বলুক। আমরা সহযোগিতা করব না- তা তো বলিনি।" নোয়াখালী থেকে নির্বাচিত সাংসদ জয়নাল আবেদীন ফারুকসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা এ সময় খোন্দকার দেলোয়ারের বাসায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮০০ ঘ.