ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পছন্দ দলের বর্ষীয়ান নেতা জিল্লুর রহমানকে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শুক্রবার একথা জানিয়েছেন। আওয়ামী লীগের মন্ত্রিসভা খুব বড় হবে না এবং এতে তরুণরাও স্থান পাবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
আব্দুল জলিল শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমানকেই আমাদের পছন্দ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান কিশোরগঞ্জ-৬ আসন থেকে বরাবরের মতো এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওয়ান-ইলেভেনের পটপরিবর্তনের প্রেক্ষাপটে শেখ হাসিনা কারাবন্দি এবং বিদেশে থাকা অবস্থায় জিল্লুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দলের হাল ধরে ছিলেন।
পেশায় আইনজীবী জিল্লুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে দুই দফায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জিল্লুরের স্ত্রী আইভি রহমানও ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী। তিনি ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মারা যান।
নতুন মন্ত্রিসভার বিষয়ে আব্দুল জলিল বলেন, "মন্ত্রিসভার সদস্য সংখ্যা হবে ৪০ থেকে ৪৫ এর মধ্যে। এতে প্রবীণদের পাশাপাশি নবীনদেরও স্থান দেওয়া হবে।"
"প্রবীণের অভিজ্ঞতা এবং নবীনের প্রতিভার সংমিশ্রণ থাকবে আওয়ামী লীগের মন্ত্রিসভায়', বলেন তিনি।
গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয় লাভ করে। আওয়ামী লীগ এককভাবেই ২৩০টি আসনে জয়ী হয়। তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি পেয়েছে ২৯টি আসন।
নবম সংসদ নির্বাচনের গেজেট বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। শনিবার শপথ নিতে পারেন নবনির্বাচিত সাংসদরা। এরপর ৭ জানুয়ারির মধ্যেই আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হবে বলে আশা প্রকাশ করছে দলটির নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫১৫ ঘ.
bdnews24