২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুজ্জামানকে শেষ শ্রদ্ধা জানাল দলীয় নেতা-কর্মীরা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ কামরুজ্জামানকে শুক্রবার শেষ শ্রদ্ধা জানিয়েছে দলের নেতা-কর্মীরা। তিনি বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 08:36 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ কামরুজ্জামানকে শুক্রবার শেষ শ্রদ্ধা জানিয়েছে দলের নেতা-কর্মীরা। তিনি বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। আওয়ামী লীগের এই নেতা ছিলেন দেশের শিক্ষক আন্দোলনের অন্যতম পুরোধা। ছিলেন ভাষা অন্দোলন ও মুক্তিযুেদ্ধদের অন্যতম সংগঠক। শুক্রবার জুমার নামাজের আগে কামরুজ্জামানের মরদেহ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়। জাতীয় ও দলীয় পতাকায় আবৃত কফিনে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় প্রয়াত নেতাকে। এরপর সেখানেই জানাজা হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, আখতারুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও শ্রদ্ধা জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আআমস আরেফিন সিদ্দিক প্রমুখ। কামরুজ্জামানকে বিকালে জুরাইন কবরস্থানে দাফন হয়। তার বাবা-মার কবরও সেখানে। কামরুজ্জামান বাংলাদেশ শিক্ষক সমিতি এবং সার্ক শিক্ষক সমিতির সাবেক সভাপতি। তিনি ঢাকার একে জুবিলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। এক সময় কমিউনিস্ট পার্টিতেও ছিলেন কামরুজ্জামান। পরে দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি তিন বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। কামরুজ্জামানের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি ঝিনাইদহের শৈলকুপায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৩২ ঘ.