সিলেট, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত তিন কাউন্সিলর মো. শাহজাহান, শাহানারা বেগম ও মখলিছুর রহমান কামরান।
বৃহস্পতিবার কাউন্সিলরদের ভোটে তারা প্যানেল মেয়র নির্বাচিত হন।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সচিব হারুনুর রশীদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আব্দুন নূর নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচনে ১৩ জন প্রার্থী অংশ নেন। সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী আসনের মোট ৩৬ জন কাউন্সিলরের মধ্যে ৩৩ জন ভোট দেন। লন্ডনে থাকার কারণে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং কারাগারে থাকায় কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ ভোট দিতে পারেননি। এছাড়া কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীও ভোট দেননি।
এর আগে ১৮ সেপ্টেম্বর সিলেট সিটি পরিষদের প্রথম সভায় কাউন্সিলরদের মধ্য থেকে মেয়র প্যানেলের তিনজন সদস্য মনোনীত করার চেষ্টা করা হয়। কিন্তু ১৮ জন কাউন্সিলর প্যানেল মেয়র হওয়ার আগ্রহ দেখানোয় সেই সভায় প্যানেল মেয়র নির্বাচন করা সম্ভব হয়নি। সভায় সমঝোতার ভিত্তিতে মেয়র প্যানেলের জন্য তিনজন কাউন্সিলর নির্বাচিত করতে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটির সদস্যরা কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করলেও সমঝোতায় ব্যর্থ হন।
মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলোচনার ভিত্তিতে প্যানেল মেয়র নির্বাচন সম্ভব হয়নি। এ কারণে বৃহস্পতিবার ভোটের মাধ্যমে কাউন্সিলর মো. শাহজাহান, শাহানারা বেগম ও মখলিছুর রহমান কামরান প্যানেল মেয়র নির্বাচিত করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১০৩ ঘ.
bdnews24