২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কি যে সরকারের পলিসি!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌসুলী ব্যারিস্টার রফিক উল হক আওয়ামী লীগ সভানেত্রীর জামিনের প্রশ্নে সরকারের আচরণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 09:42 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌসুলী ব্যারিস্টার রফিক উল হক আওয়ামী লীগ সভানেত্রীর জামিনের প্রশ্নে সরকারের আচরণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সরকারের উর্দ্ধতন মহল দুই নেত্রীর সংলাপের স্বার্থে হাসিনার জামিনের পক্ষে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন উল্লেখ করে বর্ষীয়ান এ আইনজ্ঞ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরোধিতার বিষয়টিকে 'পরস্পরবিরোধিতা' বলে আখ্যা দেন। বুধবার ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার জামিনের আবেদনের ওপর হাইকোর্টে শুনানি হয়। আগামী সোমবার এ ব্যাপারে আদেশ দেবে আদালত। শুনানিতে ব্যারিস্টার হক বলেন, স্বাস্থ্যগত কারণে তার মক্কেলের জামিন প্রয়োজন। তিনি স্বাস্থ্যগত কারণে তারেক রহমানসহ অনেককে জামিন দেওয়ার কথা তুলে ধরেন। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব জামিনের বিরোধিতা করে যুক্তি দেন। পরে ব্যারিস্টার হক সাংবাদিকদের বলেন, "সরকার ও আমি দ্ইু নেত্রীকে এক টেবিলে বসানোর চেষ্টা করছি। আজ (বুধবার) সকালেও আমার সঙ্গে আইন উপদেষ্টার কথা হয়েছে। তিনি বলেছেন, জামিন নিয়ে নেন। কিন্তু সরকার পক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করছেন।" এ ধরণের আচরণকে 'খুবই পরস্পরবিরোধী' আখ্যা দিয়ে ব্যারিস্টার হক মন্তব্য করেন, "কি যে সরকারের পলিসি? এখন শেখ হাসিনার বেগম খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে বসবেন না বলার অধিকার রয়েছে। কারণ তিনি প্যারোলে আর খালেদা জামিনে মুক্ত।" বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার জামিনের আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি গ্রহণ করে আদেশের জন্য আগামী সোমবার দিন ধার্য করেন। গত ১১ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জামিনে মুক্তি পাওয়ার পর ব্যারিস্টার রফিকুল হক দুই নেত্রীকে বৈরিতা ভুলে ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সমঝোতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। দুই নেত্রীর মধ্যে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়ে তিনি আলোচিত হয়েছেন। উল্লেখ করা যেতে পারে ব্যারিস্টার হক তাদের উভয়ের কৌসুলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৫৩৬ঘ.