ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন বানচালের পথ খুঁজছে- এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমদ। ১৮ ডিসেম্বরের জাতীয় নির্বাচন যাতে কেউ ব্যাহত করতে না পারে সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে সতর্ক হতে বলেছেন তারা।
মঙ্গলবার দুপরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের এক সভায় আমু ও তোফায়েল এ অভিযোগ করেন।
আমু বলেন, "যারা নির্বাচন কমিশনের বস্তবসম্মত পদক্ষেপ অস্বীকার করতে চায়, তারা নির্বাচনকেই ব্যহত করতে চায়।"
তোফায়েল আহমদ বলেন, "আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। কোনো কোনো দল নির্বাচন বানচাল করার পথ খুঁজছে। নির্বাচন কমিশনকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে, যাতে কেউ ১৮ ডিসেম্বরের জাতীয় নির্বাচন বানচাল করতে না পারে।"
'নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলাকে' প্রশ্রয় না দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আমু বলেন, "নির্বাচন কমিশনের সংস্কার ও নিবন্ধনের শর্তের প্রতি মানুষের আস্থা আছে।"
তিনি আরো বলেন, "কোনো দল নির্বাচনে এলো, কী এলো না- তা গ্রহণযোগ্য নির্বাচনের পথে বাধা নয়। জনগণের অংশগ্রহণই নির্বাচনের মূখ্য বিষয়।"
তোফায়েল আহমেদ বলেন, "জাতীয় নির্বাচনের পাঁচ দিনের মধ্যে উপজেলা নির্বাচন বাস্তবসম্মত নয়। সরকার ও কমিশনকে তাই বাস্তব সম্মত সিদ্ধান্ত নিতে হবে। জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে, কেননা এই পরিস্থিতির মধ্যে নির্বাচন দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ হবে।"
সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "বর্তমান ক্ষমতাসীনদের কোনো দেশপ্রেম নেই। তারা দুধের সর খেতে এসেছেন।"
জাতীয় নির্বাচনের এক সপ্তাহের মধ্যে উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, "সংবিধানের ধারাবাহিকতা ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য জাতীয় ও স্থানীয় নির্বাচনের মধ্যে ৪৫ দিন সময় রাখতে হবে।"
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক লীগ এই সভার আয়োজন করে।
গত শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির পক্ষ থেকে পুরনো নির্বাচনী আইন ও সীমানায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। বিএনপি নির্বাচনী আইন সংস্কারেরও বিরোধিতা করে।
শনিবার রাতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ জাতির উদ্দেশে দেয়া ভাষণে জানান, নির্বাচন কমিশন আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ এবং ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
পরদিন, অর্থৎ রোববার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ঘোষণা করেন, তার দল সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) সব সংস্কার কর্মসূচির পক্ষে। নতুন আইনে নির্বাচনের সিদ্ধান্তের বিরোধিতা করায় বিএনপির সমালোচনাও করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/১৮৪১ ঘ.
bdnews24