২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফর উল্যাহ ও দেওয়ান সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে দুটি মামলায় এবং বিএনপি দলীয় সাবেক সাংসদ ডা. দেওয়ান সালাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলায় অভিযোগপত্র আদালতে জমা দেয়ার জন্য অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে দুটি মামলায় এবং বিএনপি দলীয় সাবেক সাংসদ ডা. দেওয়ান সালাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলায় অভিযোগপত্র আদালতে জমা দেয়ার জন্য অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান। তিনি জানান, কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে একটি মামলায় ১৫ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হচ্ছে। এছাড়া মানিলন্ডারিং (মুদ্রা পাচার) আইনের মামলায় সাত কোটি ৪০০ টাকা হস্তান্তর, রূপান্তর ও গোপনের অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে। মহাপরিচালক জানান, ত্রাণের টিন আত্মসাতের মামলায় ডা. দেওয়ান সালাউদ্দিনের বিরুদ্ধেও অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। এছাড়া সরকারী কল্যাণ তহবিলের ৩৩ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক প্রথম সচিব মো. আমির আলী ও একই প্রতিষ্ঠানের ক্যাশিয়ার (চাকুরিচ্যুত) মো. নূরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে। হানিফ ইকবাল জানান, অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপানের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (সাময়িক বরখস্ত) মোয়াজ্জেম হোসেন ও তার স্ত্রী আয়েশা হোসেন এবং পানি উন্নয়ন বোর্ডের সুপারিনটেনডেন্ট কাজী মো. সামসুল হকের বিরুদ্ধে দুটি আলাদা মামলা দায়েরের অনুমতি দিয়েছে কমিশন। এছাড়া চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে বাংলাদেশ তাঁত উন্নয়ন বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) তাহেরুল ইসলাম এবং কাজী জাফর উল্যাহর স্ত্রী নিলুফা জাফরের সম্পত্তির হিসাব চেয়ে কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/১৯৪৭ ঘ.