ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো নির্বাচনী আইন ও সীমানায় সর্বাগ্রে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ শেষে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের একথা জানান।
তিনি জরুরি অবস্থা প্রত্যাহার ও সংসদীয় আসন সীমানা পুনর্র্নিধারণের কাজ স্থগিত রাখার দাবিও জানান নির্বাচন কমিশনের কাছে। একই সঙ্গে বিএনপি গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ ও রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালার সংশোধন করতে কমিশনকে বলেছে।
আড়াই ঘন্টা সংলাপ শেষে খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ''জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। তাই আর অন্য কোনো নির্বাচন না দিয়ে কমিশনকে পুরনো আইন ও সীমানায় দ্রুত সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছি। ''
এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন,'' গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ ও নিবন্ধন আইনের বিধিমালায় অনেক সংশোধনের প্রয়োজন রয়েছে। স্বল্প সময়ে সংশোধনী এনে নির্ধারিত সময়ের মধ্যে সংসদ নির্বাচন করা দুরূহ হবে। তাই পুরনো আইন ও সীমানায় নির্বাচন চেয়েছি আমরা। বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারির নির্বাচনী আইন ও সীমানায় এ সংসদ নির্বাচন হতে হবে বলে আমরা কমিশনকে বলেছি।''
নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ ও নিবন্ধন বিধিমালায় নির্বাচন হলে তাতে বিএনপি অংশ নেবে কিনা জানতে চাইলে দেলোয়ার বলেন,''ওইসব আইন অবাস্তব। সেগুলোর সংশোধন প্রয়োজন রয়েছে।''
তিনি বলেন, '' নির্বাচন কমিশন আমাদের বক্তব্যকে যুক্তিযুক্ত বলে মনে করেছে।''
জামায়াতের রাজনৈতিক দলের নিবন্ধনের বিরোধিতা প্রসঙ্গে বিএনপি প্রতিক্রিয়া জানতে চাইলে দেলোয়ার বলেন,'' এটা জামায়াতের নিজস্ব অবস্থান। চারদলীয় জোটের বক্তব্য নয়। কিন্তু নিবন্ধনের বিধিমালায় সংবিধান বর্হিভূত বিষয় রয়েছে। জামায়াতের সেই বক্তব্য আমরা সমর্থন করি।''
কমিশনের সঙ্গে বেলা ১১টা ৫০ মিনিটে বিএনপির সঙ্গে সংলাপ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদাসহ কমিশনাররা বিএনপির প্রতিনিধি দলের সদস্যদের করমর্দনের মাধ্যমে স্বাগত জানান। দুপুর আড়াইটায় বৈঠক শেষ হলে নেতৃবৃন্দ হাসিমুখে বেরিয়ে আসেন।
নানা বিতর্ক ও দেনদরবারের পর ইসির সঙ্গে মূলধারার বিএনপির এটিই ছিল প্রথম বৈঠক। গত বছরের নভেম্বরে সংলাপে ইসি বিএনপির স্থায়ী কমিটির মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনকে আমন্ত্রণ জানায়। ইসি'র ওই সিদ্ধান্ত বিরুদ্ধে খালেদা জিয়া উচ্চতর আদালতে শরনাপন্ন হন।
বিএনপির সঙ্গে সংলাপের আগে সকালে জামায়াতের সঙ্গেও ইসি সংলাপ বসে। দুপুর ২টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসি'র তৃতীয় দফা সংলাপ শেষ হবে।
সংলাপে দেলোয়ারের নেতৃত্বে বিএনপির ১১ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম, সহসভাপতি এম কে আনোয়ার, অধ্যাপক সারোয়ারি রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, সাবেক সাংসদ ড. মুশফিকুর রহমান,আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
ইসির পক্ষে ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব মুহাম্মদ হুমায়ুন কবির।
গত ৬ সেপ্টেম্বর শুরু হয় তৃতীয় দফা ও শেষ সংলাপ। এতে ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় কমিশন। গত ৭ সেপ্টেম্বর বিএনপির সঙ্গে সংলাপ অনুষ্ঠানে নির্ধারিত সময় থাকলে দলীয় নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে সেই সংলাপে অংশ নেয়নি তারা।
দলের স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সংলাপে বসার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' আমরা জরুরী অবস্থা প্রত্যাহার, সর্বাগ্রে সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ রাজনৈতিক দলের নিবন্ধন, গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ বিষয়গুলো নিয়ে ইসি'র আলোচনা করব। আমরা এ সব বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান ইসিকে জানিয়ে দেব।''
গত বছর সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপ করে নির্বাচন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/জিএনএ/১৫৪২ ঘ.
bdnews24