২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধনের বিরোধিতা করেছে জামায়াত

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলের নিবন্ধনের বিরোধিতা করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের 'স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী দলগুলোকে নিবন্ধন না দেওয়ার' দাবির বিরোধিতা করে দলটি বলেছে,'' কোনো রাজনৈতিক দলের কথায় কেনো ইসি আমাদের নিবন্ধন দেবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 06:54 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলের নিবন্ধনের বিরোধিতা করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের 'স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী দলগুলোকে নিবন্ধন না দেওয়ার' দাবির বিরোধিতা করে দলটি বলেছে,'' কোনো রাজনৈতিক দলের কথায় কেনো ইসি আমাদের নিবন্ধন দেবে না।" কমিশনের সঙ্গে সংলাপে জামায়াত সর্বাগ্রে সংসদ নির্বাচন আয়োজন ও জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছে। সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের কাজ স্থগিত রাখার আহ্বানও জানিয়েছে দলটি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) তৃতীয় দফা সংলাপের শেষ দিনে শনিবার সকাল সাড়ে ১০টায় সংলাপ শুরু হয় জামায়াতের সঙ্গে। বেলা পৌণে ১২ টায় সংলাপ শেষ হয়। সংলাপ শেষে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান সাংবাদিকদের বলেন, "আমরা রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত কমিশনের আইনের বিরোধিতা করেছি। ইসি'র নিবন্ধন বিধিমালার ৯০বি ধারা সংবিধান পরিপন্থি। সংসদ ছাড়া এরকম ধারা ইসি প্রণয়ন করতে পারেন না।'' তিনি জানান, জামায়াতের পক্ষ থেকে সংসদ নির্বাচনের আগে উপজেলাসহ অন্য কোনো নির্বাচন অনুষ্ঠান না করার দাবি জানিয়ে সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। এছাড়া সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের কাজ স্থগিত রাখতেও বলা হয়েছে। সংলাপে দলটির নায়েবে আমীর মকবুল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুস সুবহান, সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, অধ্যাপক মজিবুর রহমান, কর্ম পরিষদের সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও মহানগর আমীর রফিকুল ইসলাম খান। ইসির পক্ষে ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির। এর আগে সকালে এম কামারুজ্জামান সংলাপে বসার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' আমরা রাজনৈতিক দলের নিবন্ধন, গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, জরুরী অবস্থা প্রত্যাহার, সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির সুনির্দিষ্ট পদক্ষেপের বিষয়গুলো নিয়ে আলোচনা করব।'' গত ৬ সেপ্টেম্বর শুরু হয় তৃতীয় দফা সংলাপ। এতে ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় কমিশন। গত ৮ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপ অনুষ্ঠানে নির্ধারিত সময় থাকলেও চার দলীয় ঐক্যজোটের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে সেই সংলাপে অংশ নেয়নি তারা। গত বছর সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপ করে নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/জিএনএ/১২৪৮ ঘ.