ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন না করে জাতীয় সরকার গঠনের জন্যই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সাবেক দুই প্রধানমন্ত্রীকে এক টেবিলে বসাতে চায় এ মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
"তেল আর পানি মেশে না" এই প্রবচন উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, দুই নেত্রীর মধ্যে আসলে কীসের বৈঠক হবে? তার মতে, খালেদা জিয়া ও শেখ হাসিনাকে আলোচনার টেবিলে বসিয়ে তাদের মাধ্যমেই জাতীয় সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।
সাবেক এই সেনা শাসক শুক্রবার দক্ষিণ যাত্রাবাড়ির এক কমিউনিটি সেন্টারে যাত্রাবড়ি, ডেমরা ও শ্যমপুর থানা জাতীয় পার্টির ইফতার পূর্ব কর্মী সমাবেশে এসব কথা বলেন।
এ সময় এরশাদ আগামী নির্বাচনে ঢাকার গুলশান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
সাবেক দুই প্রধানমন্ত্রীকে আলোচনায় বসানের সরকারি উদ্যোগ প্রসঙ্গে এরশাদ বলেন, "আমরা দুই নেত্রীর মধ্যে বৈঠকের কথা শুনতে পাচ্ছি। আমরা যতদূর জানি, তেল আর পানি মেশে না। তাহলে কিসের বৈঠক? কার জন্য বৈঠক ?"
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, "মানুষের ধারনা সংসদ নির্বাচন হবে না। জাতীয় সরকার হবে।"
নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে এরশাদ বলেন, "আমি ইনশাল্লাহ গুলশান থেকে নির্বাচন করব।"
তিনি বলেন, "নির্বাচনের জন্য আমি দলকে প্রস্তুত করেছি। উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হলে তাতেও আমরা অংশ নেব। স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটির গুরুত্ব বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বুঝতে পারায় তাদের অভিনন্দন।"
১৯৯১ সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ 'বিশ্বাস ঘাতকতা' না করলে জাতীয় পার্টি আবারও ক্ষমতায় যেত বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউএম/জেকে/এমএইচবি/১৯২৭ ঘ.
bdnews24