ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে আওয়ামী লীগ আপস করেছে- বিএনপির এ অভিযোগের পাল্টা বক্তব্যে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন, বিএনপি শুধু আপস নয়, সরকারের কাছে আত্মসমর্পণও করেছে।
উপদেষ্টাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠকে আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকলেও খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে আর কারও উপস্থিত না থাকাতে 'ষড়যন্ত্র'র আভাস দেখতে পাচ্ছেন আমু।
দলটির নেতা তোফায়েল আহমেদের অভিযোগ, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ঠেকানোর চক্রান্ত চলছে। খালেদা-হাসিনার বৈঠকের বিষয়ে আরেক নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ২১ আগস্ট হামলা এবং বঙ্গবন্ধু হত্যা মামলা ঝুলিয়ে রাখার দায়িত্ব নিয়ে খালেদা জিয়া প্রকাশ্যে ক্ষমা চাইলেই ওই বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের এক প্রতিবাদ সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ওই তিন সদস্য এ সব কথা বলেন। শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি এবং যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ওই সভা ডাকা হয়।
'তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আওয়ামী লীগের আঁতাত হয়েছে'- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের এ বক্তব্যের পাল্টা জবাবে আমু বলেন, "আমি দেলোয়ার সাহেবকে বলতে চাই- আপস কাকে বলে এবং কত প্রকার ও কী কী, তা আপনারা (বিএনপি) দেখিয়ে দিয়েছেন। কত ধাপে কী কী ভাবে আপস করা যায়, তাও আমরা এবার দেখলাম। আপনারা শুধু আপসই নয়, একই সঙ্গে আত্মসমর্পণও করেছেন।"
তিনি বলেন, "শেখ হাসিনার সঙ্গে উপদেষ্টাদের বৈঠকের সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু, খালেদা জিয়ার সঙ্গে উপদেষ্টাদের বৈঠকে দেলোয়ার সাহেবরা উপস্থিত ছিলেন না। বৈঠকে কী কথা হয়েছে তা কেউ জানে না। এর মধ্যেও ষড়যন্ত্র আছে। দেশবাসী তা আস্তে আস্তে দেখতে পাবে।"
আমু অবিলম্বে শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, "শেখ হাসিনা মুক্ত না হলে যে কোনও ধরনের কর্মসূচি দেওয়া হবে।"
তোফায়েল আহমেদ বলেন, "চার সিটি কর্পোরেশনে এবং নয়টির মধ্যে আটটি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হওয়ায় প্রতিপক্ষরা বুঝতে পেরেছে, আওয়ামী লীগই আগামীতে ক্ষমতায় যাচ্ছে। এখন যা করা হচ্ছে, তা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্যই করা হচ্ছে।"
তিনি বলেন, "নেত্রী (হাসিনা) এখনও মুক্ত হননি। আওয়ামী লীগের সামনে অনেক ষড়যন্ত্র আসবে। তাই নেতা-কর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে।"
হাসিনা-খালেদার সম্ভাব্য বৈঠকের বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "২১ আগস্টের গ্রেনেড হামলার দায়িত্ব খালেদা জিয়া সরকারকে নিতে হবে। বঙ্গবন্ধু হত্যা মামলা কেন পাঁচ বছর ঝুলিয়ে রাখা হলো, তাও জনগণের সামনে বলতে হবে। এ সবের জন্য জনগণের সামনে করজোড়ে মাফ চাইতে হবে। তারপর আমরা বসার সিদ্ধান্ত নেব, বসা হবে কিনা।"
খালেদা জিয়ার উদ্দেশে সুরঞ্জিত বলেন, "তারেক রহমান কতদিনের জন্য, কেন, বিদেশে গেলেন; তা বলতে হবে। আপনি না বলতে পারলে সরকার বলুক- কোন শর্তে তারেককে ছাড়া হয়েছে।"
তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ পাচারের অভিযোগ এনে সুরঞ্জিত আরও বলেন, "তারেক রহমান হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। এই টাকা জনগণের ট্যাক্সের টাকা। এই টাকার হিসাব পাই পাই করে নেওয়া হবে।"
খালেদা জিয়াকে আজীবন দলীয় প্রধান রাখায় বিএনপির সিদ্ধান্তের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, "বিএনপিতে একনায়কতন্ত্র আরও পাকাপোক্ত হয়েছে। তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৪৭ ঘ.
bdnews24