২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া এক নম্বর চোর: আবদুর রাজ্জাক

খালেদা জিয়াকে 'এক নম্বর চোর' আখ্যায়িত করে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বলেছেন, ছেলে তারেক রহমানকে তিন বছরের জন্য বিদেশে পাঠিয়ে হাজার কোটি টাকা হালাল করে নিয়েছেন খালেদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে 'এক নম্বর চোর' আখ্যায়িত করে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বলেছেন, ছেলে তারেক রহমানকে তিন বছরের জন্য বিদেশে পাঠিয়ে হাজার কোটি টাকা হালাল করে নিয়েছেন খালেদা। শনিবার দুপুরে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় যুবলীগের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে আবদুর রাজ্জাক এ কথা বলেন। মতবিনিময় অনুষ্ঠানে যুবলীগের নেতারা শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের কঠিন কর্মসূচী দেওয়ার জন্য দাবি জানান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক এজন্য নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে বলেন, "আমরা এতোদিন অনেক সহ্য করেছি। আর সহ্য করা হবে না। এখন নতুনভাবে চিন্তা করতে হবে। আন্দোলন ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। দেয়ালে পিঠ ঠেকে গেলে ভেঙে বের হতে হবে।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "রাজনীতি থেকে দুর্নীতি ও সন্ত্রাস দূর করার প্রক্রিয়ার অংশ হিসাবেই তারেক রহমান বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের মাধ্যমে তারেক রহমান প্রমাণ করেছেন তিনি অভিযুক্ত ছিলেন।" শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির দাবিতে যুবলীগের সপ্তাহব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জিল্লুর রহমান বলেন, "আমরা সমর্থন করলেও ওয়ান ইলেভেন আমাদের জন্য সুফল বয়ে আনেনি। সবারই ধৈর্য্যরে একটা সীমা আছে। আমাদের সে সীমা পেরিয়ে গেছে বলেই আমরা কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি।" শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির দাবিতে আওয়ামী লীগও কঠোর কর্মসূচি দেবে বলে তিনি জানান। শেখ হাসিনা ও তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে খালেদা জিয়ার সম্মতির ঘটনায় জিল্লুর রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "শেখ হাসিনা মুক্তি পাক। তারপর, তিনিই বলবেন কী করতে হবে। সব কিছুই নির্ভর করবে আমাদের নেত্রীর ওপর। বন্দী শেখ হাসিনা কারো সঙ্গে কথা বলবেন না।" এর আগে আমু বলেন, "শেখ হাসিনার মুক্তিসহ জাতীয় নির্বাচনের দাবিতে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি। সরকারের শর্তে আমাদের নেত্রী মুক্ত হয়েছেন। আমাদের শর্তে তার মুক্তি হয়নি। তখন নেত্রীর চিকিৎসার প্রয়োজন ছিল বলেই আমরা সরকারের শর্ত মেনে নিয়েছিলাম।" আওয়ামী লীগ রাজনৈতিক বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে দাবি করে আমু বলেন, "বিএনপি'র মধ্যে শুদ্ধি অভিযানই প্রমাণ করে তারাই ওয়ান ইলেভেনের জন্য দায়ী ছিল।" মতবিনিময় অনুষ্ঠানে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মিজানুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও তার স্থায়ী মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করে যুবলীগ। কর্মসূচির অংশ হিসেবে শনিবার যুবলীগ মতবিনিময় করে। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর যুবলীগের (উত্তর) উদ্যোগে একটি প্রতিবাদ সভা হবে। মঙ্গলবার দেশের সব উপজেলায় প্রতিবাদ সভা করবে যুবলীগ। বৃহস্পতিবার দেশের সব জেলায় প্রতিবাদ সভা হবে এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা হবে। এছাড়া ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) উদ্যোগে আগামী ২০ সেপ্টেম্বর সকাল দশটায় মহানগর নাট্যমঞ্চে প্রতিবাদ সভা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/জিএনএ/১৫০০ ঘ.