ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন পৌঁছে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় উঠেছেন তারেক রহমান। চিকিৎসকের পরামর্শ নিয়ে কয়েকদিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হবেন তিনি।
তারেকের আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
রাজনীতি থেকে আপাত বিদায় নেওয়া তারেক বৃহস্পতিবার রাতে লন্ডন রওনা হন।
বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি কমরুদ্দীনের উদ্ধৃতি দিয়ে ব্যারিস্টার অসীম বলেন, "তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায় লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করতে ঘণ্টাখানেক সময় লাগে। এর পর পরিবারের সদস্যদের নিয়ে অ্যাম্বুলেন্সে করে উত্তর লন্ডনের একটি ভাড়া বাসায় উঠেছেন তিনি।"
লন্ডনে 'হ্যামার স্মিথ' ও 'কিংসস ওক'- এ দুটি হাসপাতালের যে কোনও একটিতে তারেক ভর্তি হবেন জানিয়ে ব্যারিস্টার অসীম বলেন, "ভর্তির আগে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষাসহ আনুষঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করবেন। সেখানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে বলে কমরুদ্দীন সাহেব জানিয়েছেন।"
ব্যারিস্টার অসীম আরও জানান, হিথরো বিমানবন্দরে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী ফুল নিয়ে তারেক রহমানকে অভিনন্দন জানায়।
তারেক রহমানের সঙ্গে আছেন স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, জোবাইদার বড় বোন শাহিনা আক্তার খান বিন্দু, তার স্বামী শফিউজ্জামান ও তারেকের চিকিৎসক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন।
বৃহস্পতিবার রাতে তারা লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। লন্ডন রওনা হওয়ার আগে বৃহস্পতিবার এক বছরেরও বেশি সময় পর মা খালেদা জিয়ার দেখা পান তারেক। সব মামলায় জামিন নিয়ে খালেদা জিয়া এদিনই মুক্তি পান।
এরপর বিএনপি নেতারা সাংবাদিকদের জানান, তারেক বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।
তারেকের সুস্থ হতে দুই-তিন বছর লাগতে পারে জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, এই সময়ে তারেক রাজনীতি থেকে দূরে থাকবে।
গত বছরের ৮ মার্চ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেককে গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিচারাধীন ১২টি মামলায় জামিন পাওয়ার পর গত ৩ সেপ্টেম্বর বন্দিদশা থেকে মুক্তি পান তিনি। কারাবন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। মুক্তি পাওয়ার পরও সেখানেই থাকেন। সেখান থেকেই বিদেশ যান তিনি।
তারেককে গ্রেপ্তারের পর গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও গ্রেপ্তার করা হয়। সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে কোকো বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ড রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১৫ ঘ.
bdnews24