২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ তারেক রাজনীতি করবে না: খালেদা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সুস্থ না হওয়া পর্যন্ত আর রাজনীতি করবেন না বলে ঘোষণা দিলেন খালেদা জিয়া। একই সঙ্গে বিএনপি সংলাপ ও নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সুস্থ না হওয়া পর্যন্ত আর রাজনীতি করবেন না বলে ঘোষণা দিলেন খালেদা জিয়া। একই সঙ্গে বিএনপি সংলাপ ও নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সন বলেন, "আমার ছেলের (তারেক রহমান) চিকিৎসার জন্য দুই থেকে তিন বছর সময় লাগবে। সুস্থ না হওয়া পর্যন্ত সে রাজনীতি থেকে দূরে থাকবে; রাজনীতি করবে না।" কান্না জড়িত কণ্ঠে খালেদা জিয়া তার ছেলেকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান। তিনি সরকারের সঙ্গে সংলাপ ও আগামী নির্বাচনে জোটগতভাবে অংশগ্রহণের ঘোষণাও দেন। নির্বাচন ও সংলাপে অংশ গ্রহণের ঘোষণা দিয়ে খালেদা জিয়া বলেন, "বিএনপি সংলাপ করতে চায় এবং নির্বাচনেও যেতে চায়। সেজন্য সরকারকে বলবো, নির্বাচনের অনকূল পরিবেশ তৈরি করুন। সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) রাখার ব্যবস্থা করতে হবে।" জরুরি অবস্থা প্রত্যাহার ও সবার আগে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। উপজেলা নির্বাচন প্রশ্নে তিনি বলেন, "আমরা উপজেলা নির্বাচন অবশ্যই চাই তবে তা হতে হবে সংসদ নির্বাচনের পর।" দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান খালেদা জিয়া। দলীয় ঐক্যের ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন বলেন, "বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারাগারে যাওয়ার আগে যাদের রেখে গিয়েছিলাম তারা সবাই দলে আছেন। একসঙ্গে তাদের কাজ করতে বলবো। মিডিয়াতে বিএনপিকে নিয়ে যে বিভ্রান্তি সেটা মিডিয়ার প্রচারণা। সবাইকে নিয়েই আমি কাজ করবো।" নিজের মুক্তির জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে শতাধিক সাংবাদিকদের তিনি বলেন, "সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমি মুক্তি পেয়েছি। দেশবাসী, দলীয় নেতাকর্মী, ও জোটের শরীক দলের নেতাকর্মী, আইনজীবী, পেশাজীবীসহ সবাইকে আমি অভিনন্দন জানাই।" তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে অভিযোগ করে তার মা বলেন,"আমার ছেলেকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে। আমার দুই ছেলে আজ শেষ হয়ে গেছে। দেশের মানুষ আজ ভালো নেই। আমিও আজ ভালো নেই।" খালেদা জিয়া বলেন, "বিএনপি ও চার দলীয় জোট ঐক্যবদ্ধভাবে আগামীতে নির্বাচন করবে এবং জনগণের রায় নিয়ে আবার সরকার গঠন করবে। বিএনপি বার বার গণতন্ত্র রক্ষার জন্য কাজ করেছে। গণতন্ত্রের জন্য বিএনপি সবসময় শত প্রতিকূলতার মধ্যেও কাজ করে যাবে।" তিনি বলেন, "দেশের মানুষের অবস্থা ভালো নয়। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জন প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে।" তারেক রহমানকে দ্রুত বিদেশ পাঠানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সরকারকে উদ্দেশে বলেন, "আর কাল বিলম্ব না করে তাকে বিদেশ যাওয়ার সুযোগ দিন। তিনি যতদিন বিদেশে থাকবেন ততদিন তার পক্ষে সাংগঠনিক কোনো কাজ করা সম্ভব হবে না।" তারেক রহমান সারাদেশে ব্যাপক জনপ্রিয় এক নেতা দাবি করে দেলোয়ার বলেন,"হাসপাতালে হাজার মানুষের উপস্থিতি থেকে প্রমাণ হয়েছে তিনি কতো জনপ্রিয়।" দীর্ঘ এক বছর সাত দিন কারাগারে বন্দি থাকার পর বৃহস্পতিবার সকালে জামিনে মুক্তি পেয়ে তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে বিএসএমএমইউ হাসপাতালে তারেক রহমানকে দেখতে যান খালেদা জিয়া। এর পর তিনি গাড়িবহর নিয়ে বিএনপি কার্যালয়ে যান। জোট সরকার ক্ষমতা ছাড়ার পর ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে যান খালেদা জিয়া। এসময় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তাকে ফুল দিয়ে স্বাগত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/১৮২২ ঘ.